অন্যদৃষ্টি অনলাইন।।
দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে নাটোর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সফিকুল ইসলাম শিমুল বলেছেন, ‘কোনো ধানের শীষের প্রার্থী ও সমর্থককে ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে না। ভোট কেন্দ্রে তারাই যাবেন, যারা নৌকায় ভোট দেবেন।’
গত ১৭ ডিসেম্বর ছাতনি গ্রামে নির্বাচনী প্রচারণার সময় শিমুলের দেয়া ওই বক্তৃতার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, সফিকুল ইসলাম শিমুল বলছেন, ‘যারা নৌকা মার্কার বিরোধিতা করছেন, যারা ধানের শীষ নিয়ে লাফালাফি করছেন, আমি আমার নেতা-কর্মীদের বলতে চাই- কোনো ধানের শীষের প্রার্থী এবং সমর্থক ওই কেন্দ্রে যাবে না।’
শিমুল বলেন, ‘আমার নেতা-কর্মীদের বলতে চাই- ভোট দেখে নেবেন, যারা নৌকায় ভোট দেবে তারা কেন্দ্রে যাবে, ভোট দেবে না কেন্দ্র যাবে না, পরিষ্কার কথা।’
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে শিমুল বলেন, ‘আমি বলতে চাই- আপনারা যদি ভালো চান, সুস্থ হয়ে বাঁচতে চান, এলাকায় বসবাস করতে চান, আমাদের নেতা-কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। যদি অন্য কোনো পথ অবলম্বন করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আছে।’
নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত জানিয়ে শিমুল আরও বলেন, ‘এই দেশের উন্নয়ন হচ্ছে, এই দেশের মানুষ ভালো রয়েছে, দেশের মানুষ শান্তিতে বসবাস করছে, দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এই ধারা অব্যাহত রাখতে হবে। ৩০ তারিখে নৌকার বিজয় হবেই হবে, কেউ রোধ করতে পারবে না।’
You must be logged in to post a comment.