আর, আর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।।
নওগাঁ জেলার সীমান্তবর্তী সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিতে মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের বেশ দৌড়ঝাঁপ শুরু হয়েছে।
অনেক আগে থেকেই দলের হাই কমান্ডে যোগাযোগ রক্ষা করে চললেও এখন মনোনয়ন প্রত্যাশী নেতাদের নাভিশ্বাস চরমে পৌঁছেছে।
সূত্র বলেছে, চলতি মাসেই উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর কোনো প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। শাসক দলের যে প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হবেন তাই দলীয় মনোনয়ন পেতে সকলেই এখন মরিয়া হয়ে উঠেছেন।
সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে এবারে আওয়ামীলীগ হতে চেয়ারম্যান পদে এ পর্যন্ত ৮জন মনোনয়ন প্রত্যাশী তাদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকে উপজেলার সদরসহ শহরের আনাচে কানাচে বিভিন্ন প্রকার শুভেচ্ছার পোস্টার ব্যানার দিয়ে সাধারণ জনগণের নিকট পরিচিতির জোর চেষ্টা করছেন।
ক্ষমতাসিন দলের যে ৮ জন মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, দপ্তর সম্পাদক সাবেক ছাত্রলীগের সংগ্রামী নেতা শামসুজ্জামান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তরুণ নেতা আব্দুল বারী শাহ্ চৌধুরী (বাবু), উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর ও প্রচার সম্পাদক, বর্তমান অন্যতম সদস্য ত্যাগী নেতা মোহাম্মদ একে রায়হান মাস্টার, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী মাস্টার, মহিলা আওয়ামীলীগ নেত্রী নার্গিস সরকার এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ওমর আলী।
ভাইসচেয়ারম্যান পদে ৩ জনের নাম শোনা যাচ্ছে তারা হলেন-আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ফজলে রাব্বী ফজলু, আবু সাঈদ মাস্টার, আজাহার আলী মহরী।
এছাড়াও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৫ জন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে মাঠে রয়েছেন তারা হলেন-উপজেলা মহিলালীগের নেত্রী সুমাইয়া আক্তার তুলি, সাবেক ইউপি সদস্যা অজিফা খাতুন, বেবী আক্তার, মরিয়ম বিবি ও গোয়ালা ইউপির সদস্যা শাহানাজ বেগম।
উলেখ্য যে, গত ২০০৯ সালের জানুয়ারী মাসের নির্বাচনে আওয়ামীলীগ হতে বর্তমান চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন ভোটের ২/৩ দিন পূর্বমহুর্ত পর্যন্ত ভোটের মাঠে প্রার্থী হিসেবে স্বপদে লড়াই করায় বিএনপির তৎকালিন উপজেলা সভাপতি শহিদুল আলম চৌধুরী ভোটে নির্বাচিত হয়েছিলেন।
এরপর ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারীর নির্বাচনে আবারো আওয়ামীলীগ হতে ঐ দু’জন প্রার্থী মনোনয়ন নিতে লড়াই করলে দলীয়ভাবে পরের নির্বাচনে সম্পাদক শাহজাহান হোসেনকে মনোনয়ন দেয়ার কথা বলে শামসুল আলম শাহ্ চৌধুরী দল হতে একক নির্বাচন করায় বিএনপির সভাপতি আব্দুন নুরকে ৫ হাজার ভোটের ব্যাবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। সে হিসেবে এবারের নির্বাচনে আওয়ামীলীগ নেতা ও দলের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মনোনয়ন পাওয়ার বিষয়ে অনেকটা আশাবাদী। কিন্তু এবারে নির্বাচনে শাসক দল হতে এ পর্যন্ত মোট ৮ জন মনোনয়ন প্রত্যাশী দলের মনোনয়ন নিতে মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত দলের হাইকমান্ড থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে। তারা সবাই মিলে তাকেই মেনে নিয়ে দলের হয়ে কাজ করবেন বলে এই অন্যদৃষ্টির প্রতিনিধিকে জানিয়েছেন।
উপজেলার সাধারণ ভোটারদের মতে, উপজেলা চেয়ারম্যান হিসেবে তারা সৎ ও যোগ্য আদর্শবান ব্যক্তিকে এবার নির্বাচিত করতে চান। এবারে দলীয় মনোনয়নের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে মনোনয়ন দেয়া উচিত বলেও অনেকে মন্তব্য করছেন।
আবার কেউ কেউ বর্তমান সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর সদা হাস্যজ্জ্বল তরুণ নেতা উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী শাহ চৌধুরী বাবুকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
আবার অধিকাংশ ভোটার ও দলীয় লোকজন ত্যাগী নেতা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেনকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে উপযুক্ত মনে করছেন।
বীরমুক্তিযোদ্ধা ওমর আলী মনোনয়নের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।
উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর ও প্রচার সম্পাদক, বর্তমান অন্যতম সদস্য দলের দুর্দিনের কান্ডারী ত্যাগী নেতা মোহাম্মদ একে রায়হান মাস্টার এবারে দলীয় মনোনয়ন পাবেন বলেও আশা করছেন।
এ পর্যন্ত স্বতন্ত্র কিংবা অন্য কোনো দল হতে উপজেলা পরিষদ নির্বাচনে কোনো প্রার্থীর নাম শোনা বা পোস্টার ব্যানার দেখা যায়নি।
অনেকের ধারণা, আসন্ন সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসব মুখর হয়ে উঠবে কিনা তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা লক্ষ্য করা যায়।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.