বিশেষ প্রতিবেদক।।
পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গার সার্বিক তত্ত্বাবধানে রবিবার (২৬ এপ্রিল) চুয়াডাঙ্গার টাউন মাঠে স্থানান্তরিত কাঁচা বাজার, বড়বাজারের কাচামালের আড়ত এবং মুদিখানার দোকানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা।
অভিযানে টাউন মাঠে কাচাবাজারে মুল্যতালিকা প্রদর্শন না করা, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও বেশি দামে সবজি বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ০৭ জন সবজি বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রত্যেকের ১,০০০/- টাকা করে ৭,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে বেগুন ও আদার মুল্য যাচাইয়ের জন্য কিছু রশিদ সংগ্রহ করে বড় বাজারের আড়তপট্টিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে আড়তে পাইকারি পর্যায়ে বেগুন কেজিতে ২৩ টাকা এবং আদা ৩০ টাকা বেশি লাভে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। অধিক মুল্যে পাইকারি বিক্রয় ও ক্রয়কৃত রশিদ ঠিকঠাক সংরক্ষণ না করায় মেসার্স কনা বাণিজ্যালয়কে ৫,০০০/- টাকা এবং মেসার্স মোয়াজ্জেম বাণিজ্যালয়কে ৫,০০০/- টাকাসহ মোট ১৭,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার জনাব শহিদুল ইসলাম এবং চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.