অনলাইন ডেস্ক
ভারতের আসামে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরইমধ্যে বন্যায় মৃত্যু হয়েছে ২৩ জনের। আসামের অধিকাংশ নদীর পানি বাড়তে শুরু করেছে। আসামের অন্যতম নদ ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। অতিরিক্ত বৃষ্টির কারণে আসামের কোপিলি এবং নিশারি নদীর পানিও বিপৎসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। এই দুটি নদীর পানিতে এরইমধ্যে আসামের নওগাঁও জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আসামের গোলাঘাটে ধানসিঁড়ি নদীর পানিও বাড়তে শুরু করেছে। ছয়টি জেলা এরইমধ্যে প্লাবিত হয়েছে। বন্যার কারণে আসামের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে ছয়জনের। যার মধ্যে আসামের কাছাড় জেলায় বন্যার পানিতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে তিনজনের। বাকি তিনজনের মৃত্যু হয়েছে করিমগঞ্জ ও হাইলাকান্দি এলাকায়। এই নিয়ে আসামে বন্যায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩ জনে। প্রায় সাড়ে চার লাখ বন্যা দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আসামে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা বন্যা দুর্গতদের উদ্ধার ও তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।
আসামের পাশাপাশি ভারতের মনিপুর রাজ্যেও বন্যা দেখা দিতে আরম্ভ করেছে। মনিপুরের ইম্ফল নদীর পানিও বিপৎসীমার উপর দিয়ে বইছে বলে জানা যায়।
You must be logged in to post a comment.