হৃদয়
অসীম সাহা
……………………………………………………………………………………………………………
হৃদয়ের কাছে যা-কিছু আমার ঋণ
ভেবেছি পারবো শোধ করে দিতে আমি
প্রয়াস প্রহত শূন্যতা দিয়ে ঘেরা
এতোটা সময়ে একটু অগ্রগামী
হতেও পারিনি; হঠাৎ এখন শাদা
সময়ের কালি উল্টে পড়ছে দেখে
এক পা এগোতে দুই পা পিছিয়ে আসি
পথ চলে যায় পথ বেয়ে এঁকেবেঁকে।
অথচ এমন সময় আমার ছিলো
তোমার সঙ্গে পার হয়ে গেছি সিন্ধু
উত্তাল স্রোতও ফেরাতে পারেনি কাউকে
বাঁধন হাল্কা হয়নিও এক বিন্দু।
আমাকে ভাসিয়ে নিয়েছে তোমার স্রোতে
অনুরাগ-ভরা আলিঙ্গনের ঢেউ;
অন্ধ হৃদয় প্রলয় মানেনি কোনো
দৃষ্টিতে ধরা পড়েনি কিছুই, কেউ।
কিন্তু কিসের সামান্য অভিমানে
ঝরে পড়ে গেলো একটি অমোঘ ফুল;
শেকড়ে-শরীরে চ্যুত-চিহ্নের দাগ
আমার স্মৃতিকে ছুঁয়ে দেয় কালো চুল।
কিছুতে ভুলতে পারি না তোমার মুখ
আর্তনাদের আড়ালে লুকিয়ে ভাবি :
ছেঁড়া এ-হৃদয় কী হবে সেলাই করে
যদি না মিটলো নকশীকাঁথার দাবি?
চুম্বনে আর ভেজাবো না কোনো ঠোঁট
হৃদয়ের মাঝে রাখবো না কোনো ক্ষত;
ভুলেও কখনো তাকাবো না কারো চোখে
হৃদয়, তুমি কি হবে আরো উদ্ধত?
তারচেয়ে আমি মেনে নিই পরাজয়
অপরিশোধ্য ঋণের যা কিছু ক্ষতি;
কিন্তু হৃদয় নিষেধ মানে না কোনো
দু’হাত বাড়ায় এখনো তোমার প্রতি।
You must be logged in to post a comment.