বাদশা আলম, শেরপুর, বগুড়া।।
টুটুল মিয়া (২০) ব্যাটারী চালিত অটোরিকসা চালিয়ে কোনরকম দিনযাপন করছিল। বাড়িতে ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা খরচও বহন করতো এই আয় থেকেই।
২০ ফেব্রুয়ারি প্রতিদিনের ন্যায় অটোরিক্সা নিয়ে শেরপুর শহরে স্বল্পদুরত্বে চলাচল করা যাত্রীদের বহনের কাজ করতে থাকে। কিন্তু বিধিবাম শহরের অদুরে শেরুয়া নামক স্থানে বগুড়ার হাইওয়ে পুলিশের হাতে গাড়িটি আটক হয়। এতে রিক্সা খুইয়ে দিশেহারা হয়ে পড়ে টুটুল।
অনেক চেনাজানা লোক দিয়ে গাড়ীটি ছাড়ানোর চেষ্টা করেও সে ব্যর্থ হয়। শেষমেষ গাড়ীটি ছাড়াতে না পেরে অনেকটা অসহায় হয়ে পড়ে অটোচালক। বিছানায় পড়ে থাকা ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার ব্যয়ভার মেটানোর কোন উপায় খুজে না পেয়ে শেষ সম্বল এক টুকরো জমি বিক্রির জন্য অসুস্থ মাকে নিয়ে এসেছে শেরপুর সাব রেজিস্ট্রি অফিসে। বিক্রি করে একমাত্র শেষ সম্বল তার বসবাসের স্মৃতিচিহ্নটুকু। হায়রে মানবতা! এই অসহায় যুবকের আয় রোজগারের পথ আটকে গেল পুলিশের খাচায়।
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের হতদরিদ্র সুলতান মিয়ার ছেলে টুটুল। মা আনোয়ারা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দিনমজুরী করতো সবসময়। বেশ কিছুদিন হলো জমি জিরাতের কাজ না থাকায় অটোরিকসা চালিয়ে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে বেরিয়েছিল শহরে। কিন্তু কপাল খারাপ দুপুরে শেরপুরের শেরুয়া বটতলা থেকে তার অটোরিকসাটি আটক করে নন্দীগ্রামের কুন্দারহাট হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। সেদিন থেকেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভুগি টুটুল মিয়ার পরিবার।
এ ব্যাপারে রিক্সা চালক টুটুল মিয়া বলেন, রিক্সাটি ছাড়ানোর জন্য কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির এসআই জাহেদ স্যারের সাথে কথা বললে, তিনি বগুড়া হাইওয়ে এসপির কাছে যেতে বলেন। কথামতো পরদিন বগুড়া এসপি অফিসে গেলে সেখানকার কনস্টেবলরা আমাকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। উল্টো গালিগালাজ করে আমাকে তাড়িয়ে দিয়েছে এমন অভিযোগ করে হাউ-মাউ করে কেঁদে ফেলে টুটুল। বলে আমি গরীব মানুষ প্রতিদিন বগুড়া যাতাযাতের টাকা কোথায় পাব? আমার উপার্জনের একমাত্র বাহন অটোরিক্সাটি কবে পাব? তাও জানিনা। তাই বাধ্য হয়ে মায়ের চিকিৎসার কাজে শেষ সম্বল সামান্য জমি বিক্রি করতে সাব-রেজিস্ট্রি অফিসে এসেছি। এই টাকা দিয়ে যে কয়দিন পারি চিকিৎসা করব।
এ ব্যাপারে কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির এসআই জাহেদুল ইসলাম বলেন, টুটুল নামের ওই ছেলের চায়না রিক্সা আটক করা হয়েছে। এক থেকে দেড় মাস ফাঁড়িতে থাকবে। পরবর্তীতে হাইওয়ে এসপি স্যারের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
You must be logged in to post a comment.