ঝিনাইদহে হঠাৎ করেই করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই নমুনা পরীক্ষার তুলনায় প্রায় ৫০ শতাংশ শনাক্ত হচ্ছে। অথচ শহরে চলাচলকারীদের মধ্যে নেই কোনো সচেতনতা। অনেকেরই মাস্ক ব্যবহারে অনীহা দেখা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ৬০টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের হার ৫৩ দশমিক ১২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৫৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৬০ জন।
করোনার এমন ভয়াবহ পরিস্থিতিতে বুধবার (১৬ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। এ সভা থেকে আসতে পারে কঠোর বিধিনিষেধের মত সিদ্ধান্ত।
মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে জেলা প্রশাসক মজিবর রহমানের উপস্থিতিতে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, মুজিব চত্বর, আরাপপুর, বাইপাস সড়কসহ অন্তত ১০টি পয়েন্টে চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এতে মাস্ক ব্যবহার না করা, স্বাস্থ্যবিধি না মানা, গাড়িতে অতিরিক্ত যাত্রী বহনসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তিকে মামলা করে ৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
এ সময় বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়। শহরে মস্ক না পরে আসা অনেককে আবার মুখ ঢেকে পালানোর চেষ্টাও করতে দেখা গেছে।
এদিকে জেলার কালীগঞ্জ উপজেলার বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মাহবুবুর রহমান মাহবুব করোনার উপস্বর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গত কয়েকদিন যাবত ঠান্ডা কাশি জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আজ তাকে ঢাকায় রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সযোগে ঢাকা যাওয়ার পথে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট পার হওয়ার কিছুক্ষণ পরেই মাহবুব শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কালীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার হোসেন এর ভাগ্নে ছিলেন তিনি।মৃত্যুকালে তার বয়স ছিল ৩৫ বছর। মাহবুব এর স্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকা হিসাবে কর্মরত রয়েছেন।
You must be logged in to post a comment.