নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থী ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০জন আহত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কুল ফটকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো দশম শ্রেণীর ২০২২ সালের এস.এস.পরিক্ষার্থী বাদশা, দিদার, রায়হান, ইমন, নয়ন, আরাফাত, রাজু, সবুজ, জামাল।
শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। চরজব্বার থানা পুলিশ ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকসহ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় যারাই জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শী মাসুদ মাহমুদ বলেন, সকালে দশম শ্রেণির ক্লাস চলাকালীন বিরতির সময় ছাত্রদের মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসা করতে তারা সহপাঠীসহ উপজেলা ছাত্রলীগের কয়েকজন শিক্ষার্থী ও স্কুলের শিক্ষক আসেন। কিন্তু দ্বিতীয় শিফটে এসএসসি পরীক্ষার্থীদের ছুটির সময় দশম শ্রেণির ছাত্ররা তাদের উপর লাঠি, রামদা ও রড নিয়ে আক্রমণ করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে এসএসসি পরীক্ষার্থী ইলিয়াস বাদশা বলেন, সিনিয়রদের সামনে জুনিয়র এক ছাত্র সিগারেট খাচ্ছিলেন। এসময় তাকে নিষেধ করলে সে সিনিয়র এক ছাত্রকে থাপ্পড় মারে। বিষয়টি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাবেদকে অবহিত করলে তিনি বিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবকে পাঠিয়ে শিক্ষকদের সাথে বসে মিমাংসা করে দেন । পরে স্কুল ছুটির সময় জুনিয়র ছাত্ররা এসএসসি পরীক্ষার্থীদের উপর লাঠি রামদা ও লোহার রড নিয়ে হামলা করেন।
বিদ্যালয়ের আরেক শিক্ষক বেলাল হোসেন বলেন, দশম শ্রেণির ছাত্র রিপাত, সিপাত সহ আরো অনেক ছাত্র লাঠি নিয়ে ছুটে আসে। হামলাকারীদের বাধা দেয়ার পরেও তারা আমার উপস্থিতিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরর্বতীতে সংঘর্ষ বড় হতে থাকলে ইউএনও সহযোগিতায় পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।
সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালের জরুরী বিভাগে ৫ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে।
চরজব্বার থানার (এসআই) উপ-পরিদর্শক উৎপল দেওয়ান বলেন, ছাত্রদের দুই গ্রুপের মধ্যে মারামারি ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।