নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রশাসন ও উপজেলা বন বিভাগের যৌথ অভিযানে প্রকাশ্যে অবৈধ ভাবে শিয়ালের মাংস বিক্রি করায় এক যুবক কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারে বিক্রি করা অবস্থায় তাকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান। এসময় উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
আটককৃত আবদুল মালেক (৪০) সে চর জুবিলী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন জানান যে, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়াল (Canis aureus) কে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসাবে তালিকাভুক্ত করেছে যা ধরা, মারা, বিক্রি, খাওয়া, আইনত দণ্ডনীয় অপরাধ। আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে, বন্যপ্রাণী সংরক্ষণে সকলের সহযোগিতা কামানা করেন এই বন কর্মকর্তা।
সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান জানান, বন্যপ্রাণী আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক ৩০০০ (তিন হাজার) টাকা অর্থ দণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং সকলকে বন্যপ্রাণী আইন সম্পর্কে সচেতন করা হয়। পরবর্তীতে জব্দকৃত শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়।
You must be logged in to post a comment.