বঙ্গপোসাগরে মৌসুমী বায়ু সক্রিয় ও নিম্নচাপের কারনে গত কয়েকদিনের মুসলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরা শহরের বিভিন্ন অঞ্চল। পানিতে বিপর্যস্ত সাতক্ষীরার পৌরবাসি। যেন দেখার কেউ নেই। পৌরসভার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
সরজমিনে দেখা যায়, পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কে, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি বে-সরকারি অফিস পাড়ায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। বাড়ির উঠোন ভরে গেছে পানিতে। বসত ঘরে পানি। রাস্তায় পানি। চারিদিকে শুধু পানি আর পানি।পৌরসভা এবিষয়ে নির্বিকার।
পৌরসভার মেহেদীবাগ, পুলিশ লাইনস্ স্কুল, মধুরমল্লাডাঙ্গি, কাটিয়া সংলগ্নসহ ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সড়কে, বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বরে হাটু থেকে কোমর পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভার ২নং ওয়ার্ডের শহীদ রীমু মন্জীল থেকে সরকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত হাঁটু ও কোমর পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌরসভার কামালনগর, ইটাগাছাসহ পৌরসভার বিভিন্ন এলাকায় সড়কে, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি বে-সরকারি অফিস পাড়ায় এখন পানি আর পানি। পথচারী ও স্থানীয়রা জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেনেজের ব্যবস্থা না থাকায় এবং ঘের মালিকদের বেড়িবাঁধের কারণে পৌর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
নাকানি-চুবানি খেতে খেতে পৌরবাসি নাকাল হলেও কার্যকর কোন পদক্ষেপ এখনো গ্রহণ করা হয়নি। ঘের মালিকরা সরকারি রাস্তা তাদের মৎস্যঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করছেন। ফলে সরকারি রাস্তার বারোটা বেজে তেরোর কোঠায় দাঁড়িয়েছে। একটি রাস্তাও আর আস্ত নেই। ভেঙে চুরে তছনছ হয়ে গেছে শহরের আভ্যন্তরীন সড়ক। পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছেন এসব এলাকার হাজারো পরিবার।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি জানান পৌরবাসি।
You must be logged in to post a comment.