সদ্য নির্মাণ কাজ শেষ হয়েছে। কাজ শেষ হতে না হতেই সড়কের কোথাও দেবে গেছে। কোথাও এক থেকে দেড় ফুট উঁচু ঢিবির সৃষ্টি হয়েছে। সদ্য নির্মিত হওয়া সাতক্ষীরা-খুলনা মহাসড়কের এমন অবস্থা দেখে চুপ থাকেননি নেটিজেনরা। বিষয়টি নিয়ে ফেসবুকে রীতিমত ট্রলে মেতেছেন তারা।
এমডি রিপর রাজন দুটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাটকেলঘাটা বল ফিল্ড মোড়ে কাজ শেষ না হতেই দেবে গেছে রাস্তা। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।’শেখ শরীফ হাসান ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে লিখেছেন, ‘অভিনন্দন#মোজাহার গ্রুপ। সাতক্ষীরা খুলনা মহাসড়ক ৪ লেনের প্রথম লেন কাজ শেষ না হতেই রাস্তা দেবে গেছে। স্থান: পাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা।’
সুরাইয়া ইয়াসমিন ঋতু নামে একজনতো ট্রল করে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নোবেল দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘সাতক্ষীরা খুলনা মহাসড়ক ৪ লেনের প্রথম লেন কাজ শেষ না হতেই রাস্তা দেবে গেছে। পাটকেলঘাটা বল ফিল্ড মোড়…. এমন ঠিকাদারী প্রতিষ্ঠানকে নোবেল দেওয়া উচিত।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ট্রল দেখে ঠিকাদারী প্রতিষ্ঠানও তড়িঘড়ি করে সড়কের যেসব স্থানে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, সেই সব জায়গা থেকে পিচ ও পাথর তুলে নতুন করে পুটিং করার যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে।জানা গেছে, আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা-খুলনা মহাসড়ক নির্মাণের কার্যাদেশ পায় খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টার প্রাইজ।
এই প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার ২৪ দশমিক ৫ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১১৯ কোটি টাকা। ২০১৮ সালের মার্চে শুরু হয়ে দীর্ঘ আড়াই বছর পর সম্প্রতি শেষ নেমেছে সড়কটির নির্মাণ কাজ।তবে, সড়কটি নির্মাণে নিম্নমানের বিটুমিন, প্রয়োজনের তুলনায় কম বালি ও পাথর দেওয়ায় নির্মাণ কাজ শেষ হতে না হতেই অসংখ্য জায়গায় যেমন দেবে গেছে, তেমনি তৈরি হয়েছে বড় বড় ঢিবি।
এতে সীমাহীন দুর্ভোগে পড়ছে পরিবহন চালকরা। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা।এলাকাবাসী বলছে, সড়ক নির্মাণে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামের স ম আক্তারুজ্জামান জানান, সড়কের কাজ তো এখনো শেষ হয়নি। চলমান। সামনে এগুতে এগুতে পিছনে নষ্ট হয়ে যাচ্ছে।বিনেরপোতা এলাকার আজিজুর রহমান বলেন, সর্বনিনমমানের কাজ হওয়ায় তা তিন মাসও টিকলো না।
পাটকেলঘাটার স্কুল শিক্ষক মুজিবুর রহমান বলেন, সড়কের কাজ শুরু হয়েছে ২০১৮ সালের মার্চে। সড়ক নির্মাণের সময় চলাচলে একটু দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু মানুষ এই দুর্ভোগ সহ্য করে পরবর্তীতে সুফল ভোগ করার জন্য। কিন্তু এ কেমন কাজ হলো। নির্মাণকালীন দুর্ভোগ শেষ। সড়ক নষ্ট হওয়ার দুর্ভোগ শুরু। অর্থাৎ সড়ক নির্মাণের সুফল শূন্য।সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় দুর্ঘটনায় পতিত শ্যামনগরের কলেজ শিক্ষক সামিউল মনির বলেন, এই সড়কে এমন বড় বড় গর্ত সেই সাথে উঁচু উঁচু ঢিবি তৈরি হয়েছে যে, ৪০-৪৫ কিলোমিটার বেগে মোটরসাইকেল চালিয়ে গেলেও দুর্ঘটনা অনিবার্য। নতুন রাস্তায় এমন দুর্ভোগ কখনও দেখিনি।
এদিকে, সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার বিভিন্ন অংশে তৈরি হওয়া বড় বড় গর্ত ও ঢিবি সংস্কারের জন্য রাস্তার পিচ পাথর তুলে ফেলা হয়েছে।আবার কোথাও কোথাও নতুন করে গর্ত তৈরী হচ্ছে। উঠছে কবরের মতো ফুলে ফেপে। তৈরি হচ্ছে ঢিবি।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ বলেন, সাতক্ষীরা-খুলনা মহাসড়ক নির্মাণের কাজে হরিলুট করা হয়েছে। এজন্য সড়ক নির্মাণ কাজ শেষ হতে না হতেই দুরাবস্থার সৃষ্টি হয়েছে। আমরা যতদূর শুনেছি ঠিকাদার রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় এই সড়ক নির্মাণে সড়ক ও জনপথ বিভাগের কোন তদারকিই নেই। নির্মাণ কাজের কোন কোন ক্ষেত্রে অনিয়ম করা হয়েছে, তা তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তার জন্য সাতক্ষীরাবাসীকেই ভুগতে হবে।
সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, সাতক্ষীরা-খুলনা সড়ক নির্মাণের ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখনো ওয়ারিং কোডসহ ছোট ছোট কিছু কাজ বাকী আছে।কিছু কিছু জায়গায় বড় বড় গর্ত ও ঢিবি তৈরি হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান ৩ বছর সড়কের সব সমস্যা সংস্কার করে দেবে।
You must be logged in to post a comment.