সাতক্ষীরায় ট্রাকের চাপায় তিন জুয়েলারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া নয়টার সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতায় বিসিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়–লি গ্রামের সূর্য দেবনাথের ছেলে মিলন দেবনাথ, সাতক্ষীরার তালা উপজেলার সুজনশাহ গ্রামের নিরঞ্জন মল্লিকের ছেলে তাপস মল্লিক ও আশাশুনি উপজেলার বাঁকা গ্রামের উত্তম সেনের ছেলে সুব্রত সেন।
সাতক্ষীরা শহরের খান মার্কেটের জুয়েলারী শ্রমিক রণজিৎ মণ্ডল জানান, তার সহকর্মী মিলন দেবনাথ, তাপস মল্লিক ও সুব্রত সেন বুধবার রাত সোয়া নয়টার দিকে সাতক্ষীরা শহরের লেক ভিউ থেকে পাটকেলঘাটা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঋ’শিল্পী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটর সাইকেল চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় মিলন ও তাপস। মারাত্মক জখম সুব্রতকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে সুব্রত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, বৃহষ্পতিবার ময়না তদন্ত শেষে নিহতদের লাশ তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
You must be logged in to post a comment.