সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় সীমান্ত নদী ইছামতী আর তার শাখা সাপমারা খালের সংযোগ স্থলের ভাতশালা স্লুইজগেটটি বিপদজনক অবস্থায় প্রায় অকেজো।
যে কোন সময়ে স্লুইজগেটটি পানির স্রোতের চাপে পুরোপুরি ভেঙে যেয়ে প্লাবিত হতে পারে সাপমারা খালের দুই তীরের সুবিশাল এলাকা, তলিয়ে যেতে পারে সাতক্ষীরা কালিগঞ্জের ব্যস্ততম সড়ক।
খরস্রোত ইছামতী নদীর পানি জোয়ার ভাটার স্বাভাবিকতা বজায় রাখতে, শাখা নদী গুলোর নাব্যতা ধরে রাখতে, চিংড়ী চাষ, কৃষিকাজসহ জনমানুষের সুবিধার জন্য স্লুইজগেটের বিকল্প নেই। পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ভাতশালা স্লুইজগেট এমন জরাজীর্ণ, ভগ্নাদশা, ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছানোর বিষয়টি পানি উন্নয়ন বোর্ড এর দায়িত্বশীল কর্মকর্তাদের অজানা নয়।
স্লুইজগেটটি সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে পাঁচমুখের গেটটিতে সার্বক্ষনিক গেট খালাসীর অবস্থান নেই, পানি উন্নয়ন বোর্ডের কোন তদারকি বা তত্ত্বাবধান ও নেই, পাঁচমুখের কোনটিতেই ডালা নেই, প্রতিটি ডালার মুখ ভাঙ্গা, কাটা এবং গাছ গছালিতে ভরা, খরস্রোত ইছামতির তীব্র স্রোতে প্রতিমুহুর্ত গেট কাঁপছে, স্লুইজ গেটের উপরের সড়ক তীব্র স্রোতের বেগে কাঁপছে তো কাঁপছে, পরিদর্শনের সময় স্থানীয় জনসাধারনের কাছে স্লুইজগেটটির দুরবস্থা, ভঙ্গাদশা বিষয়ে জানতে চাইলে তারা জানান, গেটটিতে কোন ডালা নেই যেমন সত্য, অনুরুপ যে কোন সময় ভেঙ্গে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
এলাকার লোকজন গেট এলাকায় এবং গেটের উপরের সড়কে ভয়ে যেতে চায় না। ভঙ্গদশায় পূর্ণতা পাওয়া গেটটির ডালা না থাকায় এবং গেটে কোন গেট খালাসী না থাকায় ইছামতীর স্রোতের পানি এবং জোয়ারের পানি আসছে এবং যাচ্ছে, গেটটির মাধ্যমে ইছামতীর তীব্র স্রোত এর নিয়ন্ত্রন অকার্যকর। যেখানে গেটের দুইটি ডালা উন্মুক্ত থাকলে সেই পানি সাপমারাখাল সহ অন্যান্য খালে প্রবাহিত হতো, সেখানে ডালা না থাকায় পাঁচটি ডালাই উন্মুক্ত। কতটুকু বিপদজনক, উদ্বেগ আর কর্তৃপক্ষের দায়িত্বহীনতার উৎস্য ভাতশালা স্লুইজগেটই বলে দিচ্ছে। দৃশ্যতঃ পানি উন্নয়ন বোর্ডের কেবল দায়িত্বহীনতা নয়, চরম অপরাধ এবং জনসাধারণ কে বিপদজনক পরিস্থিতির মুখে ঠেলে দেওয়ার নাম ভাতশালা স্লুইজ গেট। যে কোন সময়ে প্রবল স্রোতে গেটটি নদীতে বিলীন হতে পারে। তার দায় কে নেবে? ইছামতীর সাথে সাপমারাখাল উন্মুক্ত এবং একাকার থাকায় সাপমারাখালে ভাটা হচ্ছে না। যে কারনে পানি নিষ্কাষনের সুযোগ যেমন থাকছে না। অনুরুপ ভাবে সাপমারাখালের ভাঙ্গন ত্বরান্বিত হচ্ছে।
ভাতশালা স্লুইজগেট কেবল নির্মান, সংস্কার বা তত্ত্বাবধান নয়, এমন বিপদজনক পরিস্থিতি সৃষ্টিতে দায়ীদের চিহিৃত এবং বিচারের আওতায় আনার দাবী জনসাধারনের।
You must be logged in to post a comment.