সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

আর আর চৌধুরী, নওগাঁ
বুধবার, ১৯ মে, ২০২১, ৮:১২ অপরাহ্ন
দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা।

বুধবার (১৯ মে) সকাল ১১টায় নওগাঁ জেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব ভবনের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা ছাড়াও প্রথম আলো বন্ধু সভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল একাত্নতা ঘোষনা করে মানবন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, দৈনিক করতোয়ার প্রতিনিধি নবির উদ্দিন, এটিএন বাংলা প্রতিনিধি রায়হান আলম, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম খোকন, প্রথম আলোর জেলা প্রতিনিধি ওমর ফারুক, একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারি, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা শাখার সভাপতি এ্যাড. মহসিন রেজা, বাসদের জেলা সমন্বয় জয়নাল আবেদিন মুকুলসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।

সাংবাদিক রোজিনা ইসলামকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে মানববন্ধনে বক্তারা বলেন-রোজিনা ইসলামের দ্রুত নি:শর্ত মুক্তি ও দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন।

বক্তারা আরও বলেন, রোজিনা ইসলাম আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত একজন সাংবাদিক। সচিবালয়ে ঢোকার জন্য তার পাস আছে। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম, বিশৃঙ্খলা আর দুর্নীতি নিয়ে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছিলেন। এ কারণে তাকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একপর্যায়ে তার গলা চেপে একজন নারী কর্মকর্তা তাকে হত্যার চেষ্টাও করেছেন। ওই কর্মকর্তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানানো হয় এ মানববন্ধনে।

অপরদিকে বুধবার সকাল ১০ টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে পৃথক কর্মসূচী পালন করা হয়। এসোসিয়েশনের সভাপতি ও ইনডিপেনডেন্টের নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও বিজয় টিভির মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের এমআর রকি, যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের মাহমুদুন নবী বেলাল, বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, অর্থ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের তন্ময় ভৌমিক, জয়যাত্রা টিভির ফারমান আলী, ৭১ নিউজ টিভির আব্দুল মান্নান, সৃষ্টির টিভির সুবির দাস, সৃষ্টি টিভির বিশেষ প্রতিনিধি অন্তর আহম্মেদ, চ্যানেল বাংলার সোহেল রানা, ৬৯ টিভির তমাল ভৌমিকসহ অন্যরা।

বক্তরা এ সময় বলেন, স্বাস্থ্য খাতে শতশত কোটি টাকার অনিয়ম ধারাবাহিকভাবে তুলে ধরায় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে শারীরিক ভাবে নির্যাতন করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম। এরপর মিথ্যা মামলা দিয়ে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্তে তাকে মুক্তি দেওয়া ও এই নির্যাতনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

বক্তরা আরো অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে শতশত কোটি টাকা লুটপাটের সাথে স্বাস্থ্য বিভাগের প্রভাবশালী মহল জড়িত। সরকার কোটি কোটি টাকা স্বাস্থ্য বিভাগে দিলেও লুটপাটের ফলে দেশে আধুনিক স্বাস্থ্য সেবা গড়ে তোলা সম্ভব হয়নি। দ্রুত স্বাস্থ্য খাতে লুটপাটকারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবির পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ