জামালপুরের সরিষাবাড়ীতে মালবাহী ট্রাক খাদে পড়ে কাওছার মিয়া (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার মধ্যরাত আড়াইটার টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরো তিন শ্রমিক আহত হয়েছে। নিহত কাওছার নরসিংদী জেলার মনোহরদি উপজেলার চর মান্দালিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের রাজার হাটখোলা থেকে বৃহষ্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাঁশ বোঝাই একটি ট্রাক নরসিংদীর দিকে রওনা দেয়। পথিমধ্যে বিলবালিয়া এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা শ্রমিক কাওছার মিয়া মারা যান। একইসাথে অন্য শ্রমিক মনোহরদি উপজেলার রমযান আলীর ছেলে সোহেল মিয়া, শুকুর মিয়ার ছেলে বাছির উদ্দিন ও গোলাপ মিয়া আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।
You must be logged in to post a comment.