নানা চ্যালেঞ্জ ও গণআকাক্সক্ষার চাপ কাটিয়ে ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্ণ করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার। এই অল্প সময় একটি দেশের আমূল পরিবর্তনের জন্য অত্যন্ত সংক্ষিপ্ত হলেও খাদের কিনারে থাকা রাষ্ট্রব্যবস্থাকে ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টার কমতি ছিল না।
এই সময়ে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে সরকারকে সময় দিতে হয়েছে। তবে এখনো ঘাম ঝরাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিস্থিতির উন্নয়নে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। সামাজিক অবক্ষয়ের যে অবস্থা তাতে সফলতা পেতে কিছুটা সময় লাগবে।
আগামী ২৮ মে সরকারের ১০০ দিন পূর্ণ হবে। এই সময়ের মধ্যেই ফ্যামিল কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফসহ প্রায় সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সূচনা করতে পেরেছে সরকার।
১০০ দিনের কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘ভোটের কালির দাগ শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরি, বিনামূল্যে সার, ১০ টাকা কেজি দরে চালের ওয়াদা করলেও তা বাস্তবায়ন করেনি। অথচ আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছি। প্রধানমন্ত্রী সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন। তার সঙ্গে তাল মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘১০০ দিনের মধ্যে বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে আমরা এসব প্রতিশ্রুতি সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারব। জনগণ আমাদের সঙ্গে আছে। এখন বিরোধী দল সহযোগিতা করলে দ্রুত দেশ এগিয়ে যাবে।’
এ সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী দেশ রূপান্তরকে বলেন, ‘অতীতে বাংলাদেশে কোনো সরকার দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এমন রেকর্ড সম্ভবত নেই। বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরপরই ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন করেছেন। অন্যান্য প্রতিশ্রুতিও একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন।’
গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করে বিএনপি। এতে মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দলটির অঙ্গীকার ব্যক্ত করা হয়।
১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর ১০ মার্চ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এদিন এই কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারগুলোকে মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে সরাসরি সুফলভোগী নারীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত দেয় সরকার। ৪ মার্চ জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
১৪ মার্চ সারা দেশে ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলে সাহাপাড়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন। ২৪ মার্চ বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি-সংক্রান্ত আর্থিক জটিলতা নিরসনে শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত বিশেষ ঋণের নির্দেশনা দেন। ১৪ এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন।
২ মে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গত ৪ মে সারা দেশে বন্ধ হওয়া কলকারখানা চালুর সিদ্ধান্ত নেয় সরকার। প্রথমে খুলনা অঞ্চলের বন্ধ পাটকলগুলো খোলার সিদ্ধান্ত হয়। গত ১৩ মে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন পায় পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রকল্পটির মোট প্রস্তাবিত ব্যয় ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা। গত ১৫ মে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
রাজধানী ঢাকার যানজট নিরসনে ও গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে সরকার। ট্রাফিক আইন লঙ্ঘন করলে এই প্রক্রিয়ায় মামলা দেওয়া হচ্ছে। এতে ভীত হয়ে গাড়িচালকরা ট্রাফিক সিগন্যাল মানতে বাধ্য হচ্ছেন। এর সুফল আসতে শুরু করেছে।
গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী দেশব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ভূমিব্যবস্থাকে সহজ ও আধুনিকায়ন করার বিষয়টি জাতীয় নির্বাচনের আগে ঘোষিত ৩১ দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ ছিল। তিন দিনব্যাপী এই ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে দেওয়া আরেকটি বড় ওয়াদা পূরণ করল।’
গত বুধবার গাজীপুরে আনসার একাডেমিতে এক অনুষ্ঠানে ক্রীড়াকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধুলার বিভিন্ন ইভেন্টে যেসব খেলোয়াড় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছেন, একটি বেতন কাঠামোর আওতায় এনে বর্তমান সরকার তাদের স্পোর্টস কার্ড প্রদান করেছে। আপনারা নিঃসন্দেহে জেনেছেন, আনসার ভিডিপির ১৫ জন ক্রীড়াবিদকেও বর্তমান সরকার স্পোর্টস কার্ড প্রদান করেছে।’
আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। তিন অর্থবছরে তিন ধাপে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা; প্রথম দুই অর্থবছরে দেওয়া হবে ৫০ শতাংশ করে মূল বেতন; আর তৃতীয় অর্থবছরে দেওয়া হবে ভাতা। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে নীতিগত সম্মতি দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশকে আরও যাচাই-বাছাই ও অংশীজনদের সঙ্গে আলোচনার পর সংসদে বিল আকারে পাসের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের প্রতি বছরের পুনরায় ভর্তি ফি (রি-অ্যাডমিশন ফি) বাতিল করা হয়েছে এবং ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণের কাজ চলছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে পর্যায়ক্রমে ৯,০০০ শিক্ষককে ট্যাবলেট (ঞধন) দেওয়া হচ্ছে। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে ২,৩৩৬টি কারিগরি প্রতিষ্ঠান ও ৮,২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াইফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈশ্বিক অস্থিরতার মধ্যেও সরকারি ভর্তুকি ও দ্বিপাক্ষিক কূটনীতির মাধ্যমে দেশে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এ ছাড়া জ¦ালানি ব্যবহারে শৃঙ্খলা আনতে ‘ফুয়েল কার্ড’-এর পাইলট প্রকল্প শুরু হয়েছে।
জাতীয় গ্রিডে রুফটপ সোলার ও নেট মিটারিংয়ের মাধ্যমে নতুন করে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হয়েছে। এর অংশ হিসেবে গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
পরিবেশ রক্ষা ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে দেড় কোটি চারা উৎপাদন সম্পন্ন করা হয়েছে, যা আগামী বর্ষা মৌসুমে রোপণ করা হবে।
দেশে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে শেয়ার হস্তান্তর এবং বিক্রয়মূল্য প্রত্যাবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।
সরকারি দপ্তরগুলোর প্রায় সাড়ে ৪ লাখ শূন্যপদ পূরণে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা করা হয়েছে, যার অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
সরকারের ১০০ দিনের কর্মসূচি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল দেশ রূপান্তরকে বলেন, ‘বিগত দিনে সরকারগুলো বিশেষ করে আওয়ামী লীগ ইতিপূর্বে বাংলাদেশকে কখনো সিঙ্গাপুর, আবার কখনো মালয়েশিয়া বানাতে চেয়েছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশটাকে বাংলাদেশই বানাতে চান। যে বাংলাদেশ বিশ্বের ইতিহাসে জায়গা করে নেবে উন্নয়ন, অগ্রগতির রোল মডেল হিসেবে। তাই আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’
তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে লন্ডনে বসে বাংলাদেশকে নিয়ে স্বপ্নের জাল বুনেছেন তারেক রমহান। তার বাস্তবায়ন এখন চলছে। তার বুনে যাওয়া এই স্বপ্নের মূল কথাই হলো একটি জবাবদিহিতামূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সাধারণ মানুষের বাকস্বাধীনতা, ভোটাধিকার এবং আইনের শাসন অক্ষুন্ন থাকবে।’
সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আগামী পাঁচ বছরে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগ দেবে সরকার। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সময়ভিত্তিক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।’ তিনি বলেন, ‘নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব মন্ত্রণালয় ও বিভাগের শূন্য পদের তথ্য এবং নিয়োগের সময়ভিত্তিক পরিকল্পনা জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
You must be logged in to post a comment.