অন্যদৃষ্টি অনলাইন।।
বর্তমান সংবিধান অনুসারেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। তিনি বলেন, সংবিধান অনুসারে মন্ত্রিসভার দশ ভাগের এক ভাগ টেকনোক্র্যাট মন্ত্রী করার সুযোগ রয়েছে। নির্বাচনকালীন সরকারে ২০ জন মন্ত্রী থাকলে সেখানে দুইজন দল নিরপেক্ষ টেকনোক্র্যাট মন্ত্রী নেয়ার সুযোগ রয়েছে। যাদের স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় দিলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব। এজন্য স্বদিচ্ছা প্রয়োজন। সরকার ও বিরোধী শক্তির মধ্যে আলোচনা দরকার। কিন্তু আমার আশঙ্কা আওয়ামী লীগ তা মানবে না।
গতকাল বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্যোগে বারিধারা কূটনেতিক জোনের একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিরাপত্তা সঙ্কটগুলো’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এতে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। আরো বক্তৃতা করেন, সাবেক জেলা ও দায়রা জজ ইকতেদার আহমেদ, মেজর জেনারেল (অব:) ফজলে ইলাহী আকবর, কর্নেল (অব:) মনিষ দেওয়ান, চৌহালী উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) মামুন, কর্নেল (অব:) সৈয়দ কামারুজ্জামান, মেজর (অব:) নুর, মেজর (অব:) শিবলী, আইটি বিশেষজ্ঞ শরীফ মাসুম প্রমুখ। এ ছাড়া ঢাকায় অবস্থিত যুক্তরাজ্য, চীন, পাকিস্তান, তুরস্ক ও ইন্দোনেশিয়া দূতাবাসের প্রতিনিধিরা সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচন পরিচালনায় জড়িত নির্বাচন কমিশন এবং পুলিশই সুষ্ঠু নির্বাচনে সবচেয়ে বড় বাধা। ইসি বর্তমান সরকারকে ক্ষমতায় রাখতে মরিয়া হয়ে উঠেছে। আর পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই বিরোধীদলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার শুরু করেছে। তিনি বলেন, শুধু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হতে পারে। অন্য কোনোভাবে নয়। এ নির্বাচনে জাতিসঙ্ঘকে সুপারভাইজারের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশ্বসম্প্রদায়ের উচিত আরো সোচ্চার হওয়া।
বিএনপির এ নেতা আরো বলেন, সামনে নির্বাচন, কিন্তু জনগণের মনে আশঙ্কা তারা ভোটকেন্দ্রে যেতে পারবে কি না। এ সঙ্কট দূর করতে হলে অবিলম্বে সরকার ও বিরোধী শক্তির মধ্যে সংলাপ আয়োজন করার আহ্বান জানান তিনি।
মূল প্রবন্ধে ব্যারিস্টার সরোয়ার হোসেন বলেন, গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত হলো নির্বাচন। কিন্তু দুঃখের বিষয় দেশে ২০০৯ সালে যে নির্বাচন হয়েছে তাতে ভোটাররা কেন্দ্রে যেতে পারেননি, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ভোটারদের আস্থা ফেরাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনও তাদের গ্রহণযোগ্যতা প্রমাণে ব্যর্থ। তাদের আমলে যে ক’টি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সেখানে ভোটকেন্দ্র দখল, জাল ভোট দেয়াসহ সব ধরনের অনিয়ম হয়েছে। তিনি আরো বলেন, বিশ্বের কোথায়ও সংসদ বহাল রেখে নির্বাচন করার নজির নেই। কিন্তু বাংলাদেশে সেটা করার চেষ্টা করা হচ্ছে। ফলে এবারো সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রার্থী ও ভোটাররা আগের মতোই নিরাপত্তাহীনতায় রয়েছেন।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, বাংলাদেশ কল্যাণ পার্টি জ্ঞানভিত্তিক সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। তা ছাড়া আমাদের দল যেহেতু নির্বাচনমুখী দল, সেজন্য নির্বাচনকালীন সকল প্রকার নিরাপত্তা নিয়েই আমরা জনসচেতনতা সৃষ্টিতে আগ্রহী। কিন্তু দেশের বর্তমান অবস্থায় সে পরিস্থিতি দেখা যাচ্ছে না। এজন্য সরকার ও বিরোধী জোট সবাইকে এগিয়ে আসতে হবে। উপযুক্ত নিরাপত্তা পেলে ভোটাররা আগ্রহী হয়ে ভোট দিতে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ইকতেদার আহমেদ বলেন, নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও প্রশাসনের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। এর সাথে সরকারকে বহাল রেখে, সংসদ সদস্যকে ক্ষমতাসীন রেখে নির্বাচন করলে তা কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তিনি আরো বলেন, বিগত সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে যে ক’টি নির্বাচন হয়েছে তার সব সুষ্ঠু হয়েছে। আর যে নির্বাচন ক্ষমতাসীনদের অধীনে হয়েছে তা প্রশ্নবিদ্ধ হয়েছে। তা ছাড়া নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলে মানুষ নির্বিঘেœ ভোটকেন্দ্রে যেতে পারে। এজন্য সেনাবাহিনীকে আগামী নির্বাচনেও বিচারিক ক্ষমতা দিয়ে ভোটের এক মাস আগে মাঠে নামানো প্রয়োজন।
You must be logged in to post a comment.