শেরপুর (বগুড়া) প্রতিনিধি।।
বগুড়ার শেরপুরের মির্জাপুর নতুনপাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে কলেজ ছাত্রকে মারধর করে টাকা কেড়ে নেওয়ার ঘটনায় কলেজ ছাত্রের পিতা বাদি হয়ে সোমবার দুপুরে শেরপুর থানায় দুই জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর নতুনপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে আকতার হোসেন ব্রাক বটতলা এলাকায় প্রায় ১৭ বছর ধরে ডিজেল, পেট্রোল,সার ও কীটনাশক ব্যবসায় করে আসছে। আকতার হোসেন গত রোববার সকালে ডিজেল (তেল) কেনার জন্য বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে দোকানে আসেন।
তেলের গাড়ি না আসায় ওইদিনই তার ছেলে সামিট স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্র রাজু আহম্মেদ ওই টাকা নিয়ে বাড়ি যাচ্ছিল। মির্জাপুর নতুনপাড়া গ্রামের আজাহার আলীর বাড়ির পিছনে বিকাল সাড়ে ৪ টার দিকে পৌছালে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের লাল মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম ও তার ছেলে মো. বৈশাখ তার পথরোধ করে দেশীয় অস্ত্র লোহার রড ও লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়।
এ সময় রাজুর পকেটে থাকা ১ লাখ ২০ হাজার টাকা কেড়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতের পিতা আকতার হোসেন বাদি হয়ে গতকাল সোমবার দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.