অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। যিনি সি আর আবরার নামেই পরিচিত।
বুধবার (৪ মার্চ) সকালে ১১টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, আগামীকাল শপথগ্রহণ আছে। নতুন উপদেষ্টা শপথ নেবেন। তিনি হলেন অধ্যাপক সি আর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে।
অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এজন্য অধ্যাপক ড. সি আর আবরার যুক্ত হচ্ছে উপদেষ্টা পরিষদে।
বর্তমান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করে আসছেন।
অধ্যাপক ড. সি আর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে। তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মাতা সোফিয়া সুলতানা। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি।
এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।
You must be logged in to post a comment.