জাকির হোসেন, শার্শা, যশোর।।
যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক আইজিপি ও সেক্টর কমান্ডার্স ফোরামের সদস্য আবদুল মাবুদ পিপিএম প্রতিদিন নিজ এলাকায় গণসংযোগ করছেন।
মঙ্গলবার শার্শার নাভারণ, গোড়পাড়া, লক্ষণপুর, বাহাদুরপরসহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। এর আগে শার্শা উপজেলার ৩০টি শারদীয় দূর্গাপূজা ম-পে ব্যক্তিগত ভাবে অনুদান প্রদান করেন। মঙ্গলবার সকালে নাভারণস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নুর ব্যক্তিগত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান মিন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল মাবুদ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। আগামি নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে হবে। দলমত নির্বিশেষে নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। নৌকার জয় হলে, এদেশের সব শ্রেণী পেশার মানুষ শান্তিতে থাকবে।
আরও বক্তব্য রাখেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরিতোষ সরকার, সাধারণ সম্পাদক বৈদ্যনাথ দাস, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উত্তর বরুজবাগান পূজা মন্ডপের সাধারণ সম্পাদক অশোক কুমার রায়।