শার্শায় সরকারি হাসপাতালে যশোর সিভিল সার্জনের পরিদর্শনে ৫ জনকে নোটিশ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১:৩৪ পূর্বাহ্ন
ডাক্তারসহ ৫জন দেরিতে কর্মস্থলে উপস্থিত হওয়ায় সরকারি কর্মচারী শৃঙ্খলা ভঙ্গের শামিল....

শার্শা সরকারি হাসপাতালের অনিয়ম ও রোগীদের ভোগান্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে পত্রিকায় সংবাদ প্রকাশের পর….

জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধি ।।

যশোর সিভিল সার্জন দিলীপ কুমার রায়ের নেতৃত্বে হাসপাতাল পরিদর্শনে গিয়ে ডাক্তারসহ ৫জনকে দেরিতে কর্মস্থলে উপস্থিত হতে দেখেন তারা যা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। 

সিভিল সার্জন তাৎক্ষণিক উপজেলার (নাভারণ-বুরুজবাগান) সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কারণ বর্ণনা করার জন্য নোটিশ প্রদান করতে নির্দেশ দিয়ে যান। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অশোক কুমার সাহা স্বাক্ষরিত পরিপত্রে ডেন্টাল সার্জন রাবেয়া সুলতানা ও তার সহকারী ডেন্টাল মেডিকেল টেকনোলজিস্ট আনিছুর রহমান, ল্যাবরেটরী মেডিকেল টেকনোলজিস্ট হুমায়ুন কবীর, ইপিআই টেকনোলজিস্ট মাহমুদুর রহমান ও টিএলসি এ বিভাগের সাইদুর রহমানকে  ৩ কর্মদিবসের মধ্যে কারণ উল্লেখ করে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। পরিপত্রে উল্লেখিত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ১০দিন আগে আরো একবার কারণ দর্শানো নোটিশ প্রদান করেছিল বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা।

হাসপাতাল থেকে জানা যায়, চিকিৎসকদের নানাবিধ অনিয়ম ও অবহেলার কারণে রোগীরা প্রতারিত হওয়ায় উপজেলার (নাভারণ-বুরুজবাগান) সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সেবার মান অতি নিম্নপর্যায়ে নেমে আসে এবং হাসপাতালের চিকিৎসকদের ঘিরে নানা জায়গায় নানা রকম গুঞ্জন ছড়াতে থাকে।

ইতিপূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যমে চিকিৎসকদের নানাবিধ অনিয়ম ও অবহেলার বিষয় তুলে ধরে সংবাদ প্রকাশ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়ম কিছুটা কমিয়েছেন। সকাল ৮টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত হাসপাতালে রোগী সেবার কাজে চিকিৎসকদের নিয়োজিত থাকার নিয়ম থাকলেও তারা হাসপাতালে উপস্থিত হচ্ছেন ইচ্ছামতো। আর এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে চিকিৎসকসহ ১০জনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মর্তা অশোক কুমার সাহা ।                                                                          

এ বিষয়ে উপজেলার (নাভারণ-বুরুজবাগান) সরকারি স্বাস্থ্য কেন্দ্রের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অশোক কুমার সাহা বলেন, ‘হাসপাতালের চিকিৎসকদের ঘিরে সংবাদ প্রকাশ হওয়ায় আমি নিজেই এখন থেকে রোগী দেখা বন্ধ করে দিয়েছি। এখন থেকে হাসপাতালের রোগী সেবার বিষয়ে তদারকি করবো। হাসপাতালের চিকিৎসকদের ঘিরে কোনো অনিয়ম সাংবাদিকদের সংবাদপত্রে লেখার সুযোগ আর থাকবে না। এখন থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে দায়িত্ববোধ ফিরে আসতে শুরু করেছে এবং রোগীরাও ভালমতো সেবা পাবে ।’

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ