শার্শায় পানের দাম হঠাৎ বাড়ছে..চৈত্র পর্যন্ত চলবে : বলছেন পান ব্যবসায়ীরা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৯, ৯:৪৫ অপরাহ্ন
নিম্নআয়ের মানুষসহ সব শ্রেণী পেশার মানুষই পান খেয়ে শরীর মনের ক্ষুধা মেটান...

জাকির হোসেন, শার্শা, (যশোর) প্রতিনিধি ।। 

বাজারে পানের দাম  হঠৎ করে বেড়ে গেছে। আবহমান বাংলার ঐতিহ্যবাহী অতিথি আপ্যায়নের অন্যতম উপাদান এই পানের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় খুশি হয়েছেন পানচাষীরা, কিন্তু বেপাকে পড়েছেন খুচরা ক্রেতারা। ফলে উৎপাদনকারী ব্যবসায়ী ক্রেতা বিক্রেতাসহ নাভিশ্বাস উঠেছে পানপিয়াসীদের।

‘আগামী চৈত্র মাস পর্যন্ত পানের দাম থাকবে…দিন দিন বাড়বে’…

একটু হিসাব করলেই দেখা যাবে, দেশের এক-তৃতীয়াংশ লোকই পান খেয়ে থাকে বিশেষ করে পরিবারের বাবা মা ও বয়স্ক দাদা দাদি, নানা-নানি মুরুব্বিরা। নিম্নআয়ের মানুষসহ সব শ্রেণী পেশার মানুষই পান খেয়ে শরীর মনের ক্ষুধা মেটান। কিন্তু পানের বাজারে দামের এই অস্থিতিশীলতার কারণে এক রকম চাপা কষ্টের মধ্যেই আছে পানের সাথে জড়িত মানুষেরা।

বিভিন্ন ছোট বড় হাট-বাজার ঘুরে জানা যায়, পানের দাম কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যে পানের পণ প্রতি ৮০-১শ’ টাকা ছিল তা বর্তমানে দেড়শ’ হতে ২শ’ টাকা এবং খিলি পান যা গত সপ্তাহে ২৩০ টাকা ছিল তা বর্তমানে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

প্রচন্ড শীতে উপজেলার পানচাষীদের পানের বরজগুলোর পান অকালে ঝরে পড়ায় এবং গাছে নতুন করে পান না ধরায় স্থানীয় বাজারে পানের সরবরাহ কমে যায়। দীর্ঘদিন যাবত পান ব্যবসায়ের সাথে জড়িতরা এই বছর ব্যাপক লোকসনের সম্মুখীন হচ্ছেন। 

পান ব্যবসায়ী শরিফুল ইসলাম অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, গত সপ্তাহে মোকাম থেকে পান কিনে এনে তাদের ৮/৯ জন ব্যবসায়ী প্রত্যেকে অনেক টাকা করে লোকসান দিয়েছেন। পানগুলো ঝরে পড়া ছিল তারা আগে বুঝতে পারেনি। বর্তমানে মোকামেই পানের কিছুটা আকাল চলছে। মোকাম হতে বেশি দরে কিনতে হচ্ছে। মোকামে দাম বাড়তি হওয়ায় তার সাথে পরিবহন ও অন্যান্য খরচ যোগ করলে দেখা যাচ্ছে যেন পান নয় সোনা কিনছি।

পান কিনতে আসা বয়স্ক মুরুব্বি আব্দুল লতিফ চাচা অন্যদৃষ্টিকে বলেন, ‘৪০ বছর ধরে পান খাই। এখন প্রতিদিন ২০ খিলি করে পান খাই…কিন্তু বর্তমানে পানের যে দাম তাতে করে ৩ থেকে ৪টা পানও খাওয়াই মুশকিল হয়ে পড়েছে। পানের বাজারে আসতেই ভয় পাচ্ছি। চাহিদা মত পান না খেতে পেরে শারীরিক ও মানসিকভাবে খুব কষ্টে আছি।’ 

বাজারের খুচরা পান বিক্রেতা আলমগীর হোসেন অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘বেশি দামে কিনতে হয় বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পানের উৎপাদনে ব্যাহত হওয়ায় পান সরবরাহ কম হচ্ছে এজন্য দাম বহুগুণে বেড়েছে। বর্তমান অবস্থায় আমরা পান ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ সবাই নতুন এক নাজেহাল অবস্থার মধ্যে পড়েছি ‘

ব্যবসায়ীরা আরো বলেন, ‘এভাবে আগামী চৈত্র মাস পর্যন্ত পানের দাম আকাশ ছোঁয়া থাকবে দিন দিন বাড়বে…এছাড়া কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। পানের দাম কমতে হলে বৃষ্টি হতে হবে, শীত চলে যেতে হবে তাহলে গাছে আবারো পানে নতুন পাতা ধরবে এবং পর্যাপ্ত পান উৎপাদন হলেই ধীরে ধীরে পানের দাম কমতে থাকবে’।

অন্যদৃষ্টি/এলিস হক

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ