শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩১ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মামুন খান (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শরীয়তপুর নড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মামুন নড়িয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের বাড়ৈপাড়া গ্রামের সালাম খানের ছেলে। তিনি নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন।

নিহতর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সম্পাদক মোখলেছ ব্যাপারীর সঙ্গে মামুনের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এছাড়া মোখলেছ ব্যাপারী ও তার লোকজন মাদক বিক্রি করেন এমন অভিযোগ মামুনের পরিবারের। আর মামুন এসব মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

তাই বুধবার সন্ধ্যায় বাড়ী যাওয়ার পথে একা পেয়ে মোখলেছ ব্যাপারীর নির্দেশে ৮-১০ জনের একটি দল মামুনের ওপর হামলা চালায়। এসময় হাতুড়ি দিয়ে মামুনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালের চিকিৎসকরা মামুনকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুনের স্ত্রী তানিয়া আক্তার ও মামা আনোয়ার হোসেন মল্লিক বলেন, মোখলেছ ব্যাপারী ও তার লোকজন মাদক বিক্রি এবং সেবন করেন। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মামুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন মোখলেছ ব্যাপারী ও তার লোকজন। আমরা এ হত্যার বিচার চাই।

এদিকে অভিযুক্ত মোখলেছ ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এখনো মামলা হয়নি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ