ঘুষ প্রস্তাব প্রত্যাখানে শরীয়তপুর সদর উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের (পল্লি সঞ্চয় ব্যাংক) সিনিয়র অফিসার ফরিদ উদ্দিন আহম্মদের বিরুদ্ধে সহকর্মী ইলিয়াস খন্দকারকে চেয়ার দিয়ে আঘাত করে মাথা ফটানোর অভিযোগ উঠেছে ।
গত ২৫ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্প কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। সহকর্মী ইলিয়াস খন্দকার শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ইলিয়াস খন্দকার বলেন, ‘সোমবার সন্ধ্যায় ফরিদ উদ্দিন আহাম্মদ তার কক্ষে সুপারভাইজার সফিক, সিও মহিদুল ও আমাকে নিয়ে মিটিংয়ে বসেন। এক পর্যায়ে তিনি আমাকে বলেন, যারা মাঠকর্মী আছেন তারা এলাকার সদস্যের ঋণ বিতরণ করলে, প্রতি সদস্য যেন আমাকে এক হাজার করে দেয়। এ কথাটা আপনি মাঠকর্মীদের বলে দিবেন। তখন আমি বলি, ঘুষের টাকার কথা আমি বলতে পারবো না। আমি ঘুষ খাই না, বলতেও পারবো না। এ কথা বলার সঙ্গে সঙ্গে তিনি রুমে থাকা একটি লোহার চেয়ার দিয়ে আমার মাথায় আঘাত করেন। আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি সদর হাসপাতালে আছি। তিনি আমার মাথা ফাটিয়েছেন। আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করবো।’
এ বিষয়ে ফরিদ উদ্দিন আহাম্মদ গণমাধ্যমকে বলেন, আমি ইলিয়াসকে টাকার বিষয়ে কিছু বলিনি, তবে তার সাথে আমার ধস্তাধস্তি হয়েছে।
You must be logged in to post a comment.