শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ ।।
আত্মহত্যায় জেলার শীর্ষে থাকা শৈলকুপার এক নারী এবার লেবাননে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে আত্মহত্যা করেছেন। এই নারীর নাম সাজেদা খাতুন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
গত ১লা জানুয়ারী’১৯ লেবাননের একটি শহরে গৃহপরিচারিকা সাজেদা আত্মহত্যা করেন। লেবানন হতে এই খবর নিশ্চিত করেন গৃহকর্তা মিরুন্নাহার তানিয়া।
সাজেদার স্বামী নজরুল ইসলাম অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ৪ মাস আগে তার স্ত্রী একই গ্রামের লেবাননপ্রবাসী মিরুন্নাহার তানিয়ার বাসায় গৃহপরিচারিকার কাজে যায়।
কর্মরত অবস্থায় সাজেদার সাথে তানিয়ার বনিবনা না হওয়ায় দেশে ফিরে আসার কথা ছিল। কিন্তু গত ১লা জানুয়ারী সাজেদা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে মিরুন্নাহার তানিয়া টেলিফোনে পরিবারকে খবর দেয়।
সাজেদার মেয়ে রোজিনা খাতুন অন্যদৃষ্টি প্রতিনিধির কাছে অভিযোগ করেন, ‘তার মাকে মানসিকভাবে নির্যাতন করায় হয়তো আত্মহত্যা করতে পারেন।’
এদিকে স্থানীয় গ্রামবাসীরা অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘সাজেদা গ্রামের বিভিন্ন বাড়িতে কাজ করে বেড়াতো। সাজেদা একজন সহজ সরল মানুষ ছিল। তাদের নিকটাত্মীয় মিরুন্নাহার তানিয়া দম্পতি সাজেদাকে ভুল বুঝিয়ে মোটা বেতনের কথা বলে বিদেশে নিয়ে যায়। ৪ মাস আগে লেবানন যায় সাজেদা।’
লেবাননে থাকা তানিয়ার পিতা স্কুলশিক্ষক রেজাউল ইসলাম অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘সাজেদাকে ভুল বুঝিয়ে লেবানন পাঠানো হয়নি। বরং তার সাংসারিক স্বচ্ছল ফিরিয়ে আনতে স্বইচ্ছায় সে বিদেশ গেছে।’
তানিয়ার পিতা রেজাউল করিম আরো জানান, ‘লেবাননে ময়না তদন্ত শেষে সাজেদার মৃতদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।’
তবে এ বিষয়ে শৈলকুপা থানা পুলিশ কিছুই জানেন না বলে থানার ওসি আইয়ূবুর রহমান অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.