তাজ মাহমুদ, রাঙ্গামাটি।।
শপথ গ্রহন করলেন রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাহাড়ের ২৫ টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
তন্মধ্যে লংগদু উপজেলার চেয়ারম্যান হিসাবে আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান হিসাবে মীর সিরাজুল ইসলাম ঝান্টু এবং ভাইসচেয়ারম্যান (মহিলা) আনোয়ারা বেগম শপথ গ্রহন করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। এসময় নিজের বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ছিল পাহাড়ের আইন-শৃঙ্খলা বাহিনী। শপথ গ্রহণকে কেন্দ্র করে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উপর হামলা হতে পারে বিভিন্ন গোয়েন্দা সূত্রে এমন তথ্য পেয়ে আগে থেকেই যাবতীয় নিরাপত্তা গ্রহণ করেছিল রাঙ্গামাটির নিরাপত্তাবাহিনী। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে রক্তপাত হয়েছিল তার যেন পুনরাবৃত্তি না হয় এর জন্যে আগেভাগেই প্রস্তুতি ছিল পুলিশ প্রশাসন। যার কারণেই কোন ধরণের অঘটন ছাড়াই সম্পূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠানটি সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
You must be logged in to post a comment.