রাঙামাটি প্রতিনিধি।।
রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়নের উত্তর রহমতপুর এলাকা থেকে গলাকাটা অবস্থায় দশ বছরের এক শিশুর মৃত দেহ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।
নিহত শিশুর নাম শাহারুল আলম ওরফে মারুফ (১০)। সে একই এলাকার মোঃ বাবু মিঞার ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্র জানায়, নিহত শাহারুল আলম ওরফে মারুফ শুক্রবার (২৯ মার্চ) উত্তর রহমতপুর অফিস টিলা এলাকায় তার দাদার বাড়ি যায়। সেখানে সে ঐদিন বিকালে দাদার বাড়ি থেকে একটু দূরে একটি সাজনা গাছ থেকে সাজনা পাড়তে দেখেছে এলাকার লোকজন। শিশুটি রাতে ঘরে ফিরে না আসায় তাকে খোঁজাখোঁজি করে শনিবার সকালে সাজনা পাড়ার স্থানেই নিহত অবস্থায় পাওয়া যায়। পরে লংগদু থানায় খবর দিলে এস আই উছমান, এসআই কালাম সঙ্গীয় পুলিশ সহ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লংগদু থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত জানায়, মারুফ শিশুটিকে কে বা কাহারা মুখের উপর দু’পাশে ও ঘাড়ের পিছনে কোপ দিয়ে তাকে হত্যা করেছে। শিশুটি যে গাছ থেকে সাজনা পাড়ছিলো সেখানেই লাশটা ফেলে রাখে। মৃতদেহ উদ্ধারের সময় একটি সেন্ডেল পাওয়া গেছে। কোন জমিজমা সংক্রান্ত কোন বিরোধকে কেন্দ্র করে এই শিশুটিকে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। এটি একটি হত্যাজনিত ঘটনা। মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল ময়না তদন্তের জন্য লাশ রাঙামাটি প্রেরণ করা হবে।
You must be logged in to post a comment.