রামপালে দু’দলের মিছিলে সংঘর্ষ : ধানেরশীষ প্রার্থীসহ আহত ২০, আটক ৬

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮, ১:২৩ পূর্বাহ্ন
ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ সংঘর্ষে আহত হন...

বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাট-৩ (রামপাল-মংলা) সংসদীয় আসনের রামপালের গৌরম্ভায় নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদকে আহত করার অভিযোগ উঠেছে।

সংঘর্ষে উভয়পক্ষের আরো অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ঐ এলাকা হতে ধানের শীষ প্রতীকের ৬ কর্মীকে আটক করে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মঙ্গলবার ২৫ ডিসেম্বর’১৮ বিকেলে রামপাল উপজেলার উত্তর গৌরম্ভার বটতলা মোড়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করছিলেন।

এ সময় স্থানীয় আওয়ামীলীগ সমর্থকদের সঙ্গে ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থী ওয়াদুদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়দলের অন্তত ২০ জন আহত হয়।

এর মধ্যে ২০ দলীয় প্রার্থী এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, তার সমর্থক আব্দুল কাদের ও শেখ মোস্তাক এবং আওয়ামীলীগের সোহাগ মল্লিক, মনিরুল, জনি মুন্সী ও বাপ্পী শেখকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রামপালের গৌরম্ভা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গাজী বলেন, ‘নৌকার মিছিল নিয়ে যাওয়ার সময় অপরদিক থেকে আসা ধানের শীষের মিছিলের মুখোমুখি হলে সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামীলীগের ১১ জন কর্মী সমর্থকেরা আহত হয়।

এদিকে রামপাল উপজেলা জামায়াতের আমীর ও গৌরম্ভা ইউপির সাবেক চেয়ারম্যান শেখ নাছির উদ্দিন বলেন, ধানের শীষের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামীলীগের সমর্থকরা হামলা চালিয়ে আমাদের প্রার্থী ওয়াদুদসহ ৯ জনকে আহত করে এবং ১১টি মোটরসাইকেল ভাঙচুর করে।

ঘটনার পর থেকে ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে ঐ এলাকায় অভিযান চালিয়ে ধানের শীষের ৬ জন কর্মী সমর্থকদের আটক করেছে বলে সাংবাদিকদের জানান রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ