নাজমুল হুদা, রামপাল (বাগেরহাট)॥
রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী অপহৃত জান্নাতুল ফেরদৌস মীম (১৬) কে রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে খুলনার খালিশপুর এলাকা থেকে উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মীমকে রবিবার বাগেরহাটের বিজ্ঞ আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষা শেষে তার পিতার জিম্মায় দেওয়া হয়েছে। জানা গেছে, গত ৫ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় শ্রীফলতলা গ্রামের আজগর আলী শেখের কন্যা মীম রামপাল পাইলট বালিকা বিদ্যালয়ে আসার পথে অপহৃত হয়।
এ ঘটনায় একই গ্রামের আব্দুল হালিম শেখের পুত্র আঃ হাই শেখ (২১) এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ জনকে আসামী করে রামপাল থানায় গত ১৩ নভেম্বর একটি অপহরণ মামলা দায়ের করেন ভিকটিমের মাতা শরিফা বেগম। মামলা নং-৪। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি লুৎফর রহমানের নেতৃত্বে এসআই আবুল বাশার অভিযান চালিয়ে মীমকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি অপহৃত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণকারীদেরও দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।
You must be logged in to post a comment.