মোঃ নাজমুল হুদা, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ॥
বাগেরহাটের রামপালে একটি শাখা পোস্ট অফিসের কক্ষ ব্যবহার করে পোস্ট মাস্টারের বিরুদ্ধে কোচিং সেন্টার খুলে ক্লাস করানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী খুলনা ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল বরাবর গণস্বাক্ষর যুক্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে ঐ শাখা পোস্ট অফিসে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার পিপুলবুনিয়া গ্রামের তথ্য প্রযুক্তিনির্ভর শাখা পোস্ট অফিস হিসাবে কার্যক্রম চলে আসছে।
ঐ পোস্ট অফিসের শাখা পোস্ট মাস্টার সূর্যকান্ত হালদার যোগদানের পর হতেই দুর্নীতি ও অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়েন। তিনি ঐ সরকারি দপ্তর ব্যবহার করে তার অফিস কক্ষে কোচিং সেন্টার খুলে সকাল, দুপুর, বিকাল কোচিং ক্লাস করান।
পোস্ট অফিসে শুরুতে কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও বর্তমানে সেটা কমে গেছে। এলাকা ঘন বসতিপূর্ণ হওয়ায় এলাকাবাসী এসবি একাউন্ট, পিএলআই একাউন্ট খুলেছিলেন। এক পর্যায়ে টাকা জমার গড়মিল দেখে অনেকেই টাকা তুলে নিয়ে নেন। এছাড়া তিনি ঐ এলাকায় জনৈক এক মহিলার সাথে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ার ঘটনায় এলাকাবাসী তাকে গণধোলাই দেয়।
সাংবাদিকরা সরেজমিনে গিয়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে কোচিং ক্লাস করানো অবস্থায় দেখতে পান। পোস্ট অফিসের জমিদাতা সাবেক ইউপি সদস্য মিনতী রাণী মন্ডল অভিযোগ করে বলেন, ‘জনগণের স্বার্থ ঐ জমি দিয়ে এখন পাপের ভাগিদার হয়েছি। সূর্যকান্ত এলাকার পরিবেশ নষ্ট করে ফেলেছে যা আপনারা নিজে চোখে দেখেছেন।’
অভিযোগের বিষয় পোস্ট মাস্টার সূর্যকান্ত বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি শুধু ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়াই কিন্তু অফিসের পেছনে রাখা আপত্তিকর জিনিসপত্রের বিষয় কিছুই জানি না।’
এ ব্যাপারে উপজেলা পোস্ট মাস্টার অমল কৃষ্ণ পালের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সরকারি কক্ষ ব্যবহার করে কোচিং সেন্টার খুলে কোচিং করানো শাস্তিযোগ্য অপরাধ। ঘটনার সত্যতা পাওয়া গেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে খুলনার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলী খানের ল্যান্ডফোনে কথা হলে তিনি জানান, ‘অভিযোগের কপি আমি পাইনি, এ বিষয়ে কোন মন্তব্য ও করতে পারছি না। তবে আগামী সপ্তাহে ঐ শাখা অফিসে তদন্তে গিয়ে সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.