মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের সমেষপুর এবাদ উল্যা মিঝি বাড়ি হতে পঁচা মার্কেট পর্যন্ত সড়কটির নির্মাণ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজশে ঠিকাদার অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ অব্যাহত রাখার প্রতিবাদে ১লা ফেব্রুয়ারী’১৯ শুক্রবার সকাল ১১টায় নির্মাণাধীন সড়কে এলাকাবাসী মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রাশেদুল ইসলাম, শিক্ষক আব্দুল জলিল, সমাজকর্মী ফারুক হোসেন, তোফায়েল আহম্মেদ, সাবেক সেনা সার্জেন্ট বাচ্ছু আঠিয়া, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, বাচ্ছু মিয়া, কৃষক বাবুল মিয়া, সিরাজ মিয়া, মন্তাজ, সৈয়দ আহম্মদ, সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন মিজি, মাইন উদ্দিনমহ শত শত লোকজন জানান, ৩/৪ মাস পূর্বে সংশ্লিষ্ট ঠিকাদার সড়কটি নির্মাণ কাজ শুরু করে।
কাজ শুরু হতে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায়, সড়কটির তদরকির কর্মকর্তা উপজেলা সহকারী প্রকৌশলী তহির উদ্দিনকে ম্যানেজ করে সিডিউলের তোয়াক্কা না করে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলশান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ হাবিবুর রহমান ইচ্ছামত রাস্তার বক্স-কাটিং-২২ ইঞ্চির স্থলে ১৬ ইঞ্চি গভীররতায় উঁচুনিচুভাবে বক্স-কাটিং করে বালু ফেলে দীর্ঘদিন পর্যন্ত কাজ বন্ধ রাখে। ফলে এ রাস্তা দিয়ে চলাচলকারী স্কুল মাদরাসার ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, ব্যবসায়ীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।
সিডিউল অনুযায়ী বালুতে পানি দিয়ে ও রোলিং করে, মেশিনে ভাঙানো ইটের কনা ৫০% এবং মোটা বালু ৫০% মিশ্রিত সাব-বেইজ তৈরি করার কথা থাকলেও কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে নিম্নমানের হাতে ভাঙানো ইটের টুকরা ২০% হতে ৩০% সাথে ধুলা বালু ৭০% হতে ৮০% দিয়ে সাব-বেইজের কাজ চালিয়ে যাচ্ছে। এভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যে রাস্তাটি নষ্ট হয়ে মানুষ আরো বেশি ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সড়কে চলাচলরত স্থানীয় লোকজন সাব-বেইজ উঠিয়ে সিডিউল অনুযায়ী কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, ১২শ’ মিটার দৈর্ঘ্য সড়কটির ৪৬ লক্ষ টাকায় ২০১৮ সালের এপ্রিল মাসে টেন্ডার হয়। ঠিকাদার প্রতিষ্ঠান গুলশান এন্টার প্রাইজ মালিক হাবিবুর রহমান হাবিব।
ঠিকাদারী প্রতিষ্ঠান গুলশান এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী হাবিবুর রহমান জানান, এলজিইডির কাজ কতভাগ করা সম্ভব তা আপনারাই ভালো জানেন। স্থানীয় ইঞ্জিনিয়ারসহ কর্তৃপক্ষ যদি টাকা নেয় তাহলে ২শ’ মানববন্ধন করেও লাভ হবে না। রামগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী তহির উদ্দিন জানান, মানববন্ধন করলে যদি রাস্তার কাজ ঠিকমতো হয় তাহলে এলাকাবাসী মানববন্ধন করুক। এতে আমাদের কিছু যায় আসে না।
উপজেলা নির্বাহী প্রকৌশলী শিফাত আহম্মেদ জানান, এ কাজের এখনো কোনো অংশের বিল দেয়া হয়নি। তদন্ত করে অনিয়ম থাকলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহীদ হোসেন ভূইয়া জানান, আমি স্থানীয় গ্রামবাসীর কাছ হতে বিষয়টির ব্যপারে জেনেছি। কোনো অনিয়ম মেনে নেয়া যাবে না।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.