রাজশাহীর গোদাগাড়ী, তানোর, কাঁকনহাট মুন্ডুমালা পৌরসভায় আগাম নির্বাচনী হাওয়া

মোঃ হায়দার আলী, রাজশাহীঃ
সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৭:৩৬ অপরাহ্ন

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের মধ্যেই দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভাগুলোতে সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি বছরের অক্টোবর থেকেই শূন্য হওয়া আসনগুলোতে নির্বাচন শুরু করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে তথ্য চেয়েছে ইসি।  এর পর থেকে বিভিন্ন পৌরসভায় সম্ভাব্য প্রার্থীরা বেশ জোরেসোরে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন।

ইসির একাধিক সূত্র থেকে জানা যায়, দেশে বর্তমানে ইউপি রয়েছে ৪ হাজার ৫৭১টি। এসব আসনে সর্বশেষ ২০১৬ সালের ২২ মার্চ থেকে ৪ জুনের মধ্যে কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফলে সবগুলোর মেয়াদই প্রায় শেষের দিকে। নিয়ম অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে শূন্য আসনগুলোতে নির্বাচন সম্পন্ন করার বিধি রয়েছে। তাই আগামী বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে কয়েক ধাপে এসব আসনে সাধারণ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ইসি।

এছাড়া অপসারণ, পদত্যাগ, মৃত্যুসহ বিভিন্ন কারণে ইতোমধ্যে শূন্য হওয়া ইউপি আসনের সংখ্যা প্রায় ৫০০। তাই এসব আসনে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে উপনির্বাচন আয়োজন করতে চাচ্ছে ইসি।

অন্যদিকে পৌরসভা রয়েছে প্রায় আড়াই শতাধিক। এগুলোতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৫ সালের ডিসেম্বরে। ফলে এগুলোর মেয়াদও প্রায় শেষের দিকে। এছাড়া স্থগিত, অপসারণ, পদত্যাগ, মৃত্যুসহ বিভিন্ন করণে ইতোমধ্যে শূন্য পৌরসভা আসন রয়েছে ১৮৭টি। তাই চলতি বছরের অক্টোবর থেকেই শূন্য হওয়া পৌরসভাগুলোতে উপনির্বাচন ও সাধারণ নির্বাচন শুরু করা হবে।

পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের ৪০ থেকে ৪৫ দিন আগেই তফিসিল ঘোষণা করতে হয়। তাই মাঠ পর্যায় থেকে তালিকা সংগ্রহ করা, সীমানাসংক্রান্ত জটিলতা ও নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা খতিয়ে দেখার জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি। তবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র। এর পর থেকে রাজশাহীর গোদাগাড়ী, কাঁকনহাট, তানোর মুন্ডুমালা পৌরসভার সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা বেশ তোড়জোর শুরু করেছেন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত গোটা পৌর চুষে বাড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এবার নতুন নতুন প্রার্থী আনাগোনা দেখা যাচ্ছে।

অনেকে দলীয়ভাবে মনোনায়ন পেতে বেশ মরিয়া হয়ে উঠেছে। স্থানীয় নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক রাখছেন। কেন্দ্রীয় নেতা মন্ত্রী এমপিদের সাথে লবিং গ্রুপিং শুরু করেছেন। বিয়ে, সুন্নাতে খাতনা, জন্ম দিন, ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন ভাল ভাল উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হচ্ছেন। মসজিদ,মন্দির, জানাজার নামাজে, ইয়াতিমখানায় যাচ্ছে সালাম কালাম বেশী বেশী করছেন। নিজ উদোগ্যে চা চক্রের আয়োজন করছেন।

গত কোরবানির ঈদে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ একাধিক গরু খাসি ভেড়া  জবাই করে বিলি করেছেন এলাকার ভোটারদের মধ্যে। নানা সমীকরণে ভোটের মাঠে প্রভাব-প্রতিপত্তি থাকে এমন ভোটারদের বাড়িতে কেউ কেউ  সেমাই চিনি, আটা, চাউল, আলুসহ বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করে এলাকার ভোটারদের আকৃষ্ট করেছেন। এখানেই থেমে থাকছেন না সম্ভাব্য প্রার্থীরা। তাদের তৎপরতা দেখলে মনে হতে পারে, আর কদিন পরেই যেন ভোট। পৌর নির্বাচন সামনে রেখে বাড়ি, পাড়া-মহল্লা, হাট-বাজার ও রাজনৈতিক কার্যালয়গুলো এখনই প্রায় সরগরম।

গোদাগাড়ী, কাকনহাট, তানোর, মুন্ডুমালা, এ সব পৌরসভার সবগুলোতেই আওয়ামী লীগ ও বিএনপিরসহ অন্য দলীয়  প্রার্থীরা তৎপরতা শুরু করেছেন। এর মধ্যে গোদাগাড়ী পৌরসভায় গোদাগাড়ী পৌরসভার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী পৌরসভা যুবলীগের সভাপতি, মাটিকাটা আর্দশ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ আকবর আলী, বর্তমান মেয়র মনিরুল ইসলাম বাবু এবং গোদাগাড়ী সরকারী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যাক্ষ মোঃ এনামুল হক।  গোদাগাড়ী পৌরসভা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি আহম্মদ করিয়ার এ পৌরসভায় বিএনপির প্রার্থী হিসেবে  কুরিয়ার সার্ভিসের মালিক গোলাম কিবরিয়া রুলু তিন বারের নির্বাচিত কাউন্সিলর যুবদল নেতা মোঃ মাহাবুবুর রহমান বিপ্লব, জামায়াতের সাবেক মেয়র মোহাম্মদ আমিনুল ইসলাম ও জামায়াত নেতা আব্দুল খালেকের নাম  শোনা যাচ্ছে।

বিগত ২০১৫ ইং সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে আওয়মীলীগ মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম বাবু ভোট পেয়ে ছিলেন ১০ হাজার ২শ ২৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম চৌধুরী পেয়েছিলেন ৬ হাজার ৬শ ১৬ ভোট।   গোদাগাড়ী উপজেলার অপর পৌরসভা কাঁকনহাটের বর্তমান মেয়র কাঁকনহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাষ্টার  আবারও নির্বাচন করবেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন যুবলীগের সাবেক নেতা আবদুল্লাহ হিল কাফি। আর বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক কাউন্সিলর জিয়াউল হক জিয়া  ও হাফিজুর রহমান। এ পৌরসভায় বিগত নির্বাচনে  আওয়ামীলীগের আব্দুল মজিদ মাষ্টার পেয়েছিলেন  ৫ হাজার ৮শ ৯ ভোট তার নিকটতম প্রার্থী বিএনপির হাফিজুর রহমান পেয়েছিলেন ৪ হাজার ৪শ ৫৩ ভোট।

তানোর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইমরুল হক এবং আবুল বাশার সুজনের নাম শোনা যাচ্ছে। এছাড়া বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান।

এখানে বিএনপির মিজানুর রহমান ভোট পেয়েছিলেন ৮ হাজার ৫শ ৯৭ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামীগের ইমরুল হক পেয়েছিলেন ৮ হাজার ৫শ ৮৪ ভোট। তানোর উপজেলার  অপর পৌরসভা মুণ্ডমালার বর্তমান

মেয়র তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী আর নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন গোলাম মোস্তফা, সাইদুর রহমান ও শরিফ খান। বিএনপির প্রার্থী হিসেবে মোজাম্মেল হক, ফিরোজ কবির ও আতাউর রহমানের নাম শোনা যাচ্ছে। এ পৌরসভায় বিগত নির্বাচনে আওয়ামীলীগের গোলাম রাব্বানী পেয়েছিলেন ৬ হাজার ৪শ ৫৫ ভোট তার নিকটতম প্রার্থী বিএনপির ফিরোজ কবীর পেয়েছিলেন ৪ হাজার ৪৬ ভোট। উল্লেখ ২০১৫ সালে প্রথম বারের মত দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের আমেজ ছিল চোখে পড়ার মত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ