রাজশাহীতে কাউন্সিলর বিরুদ্ধে পাউবোর মাটি দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৭ জুন, ২০২০, ১:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে কাউন্সিলর বিরুদ্ধে পাউবোর মাটি দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী।।

রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকায় এক কাউন্সিলরের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই কাউন্সিলরের নাম আরমান আলী।

তিনি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তবে রাসিকের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী এই সরকারি জায়গা দখল ঠেকিয়েছেন।

কাউন্সিলর আরমান আলী ২৩ নম্বর ওয়ার্ডের জায়গা দখল করছিলেন বলে দাবি করেছেন কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, জায়গাটি পাউবোর বাঁধ। এলাকায় প্রভাবশালীরা বাঁধের ওপর ঘর নির্মাণ করে নানা ধরনের অসামাজিক কার্যক্রম চালায়। মাদকের আসর বসায়। স্থানীয় বাসিন্দারা প্রায়ই অভিযোগ নিয়ে আসে। এসব বন্ধ রাখার স্বার্থে দোকানঘর নির্মাণ ঠেকানো হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চবটি এলাকায় পাউবোর বাঁধ দখল করে তিনটি দোকানঘর নির্মাণের জন্য শুক্রবার সকালে শ্রমিক দিয়ে মাটি খোঁড়া শুরু করান কাউন্সিলর আরমান আলী। এ সময় প্রথমে এলাকাবাসী বাঁধা দেন। কিন্তু তারপরও কাজ চলছিল। খবর পেয়ে কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী গিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন। বাধ্য হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে চলে যান। তবে যখন মাহাতাব হোসেন চৌধুরী যান তখন সেখানে আরমান আলী আসেননি।

যেখানে ঘরগুলোর নির্মাণ শুরু করা হয়েছিল সেখানে ভাজাপোড়া খাবার বিক্রি করতেন রাবিয়া বেগম নামে স্থানীয় এক নারী। তিনি বলেন, কাউন্সিলর আরমান আলী তাকে বলেছেন- দোকান তিনটি নির্মাণ করা হলেও তিনি ওই দোকানগুলোর সামনে ভাজাপোড়া খাবার আগের মতোই বিক্রি করতে পারবেন। এখন কাউন্সিলরের বিরুদ্ধে তার কথা বলার কোন সাহস নেই।

কাউন্সিলর আরমান আলীর ভাতিজা সুমন আলী বলেন, তার চাচা এখানে তিনটি দোকানঘর নির্মাণ করছেন। নির্মাণ শেষে একটি দোকান তিনি নিজে নিবেন। একটি নিবেন সুমন। এ জন্য সুমনকে নির্মাণের টাকা দিতে হচ্ছে। আর অন্য একটি দোকান দেয়া হবে কাউন্সিলর আরমান আলীর জামাতাকে। সে হিসাবেই কাজ শুরু করা হয়। কিন্তু কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী এসে কাজ বন্ধ করে দিয়েছেন।

তবে জানতে চাইলে সরকারি জমি দখলের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন কাউন্সিলর আরমান আলী। তিনি বলেন, আমি এসবের সঙ্গে নেই। কে কি নির্মাণ করছে তাও জানি না। তিনিই দোকানগুলো নির্মাণ করছেন তার ভাতিজা সুমনের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাতিজা কেন বলছে তা বলতে পারব না।

বাঁধের ওপর এভাবে দোকানঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম বলেন, করোনাকালে আমাদের কার্যক্রম সংকীর্ণ হয়েছে। সবদিকে খেয়াল করা যাচ্ছে না। তবে এ ধরনের দখলের বিষয়ে কেউ অবহিত করলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ