রাজধানীর বংশালে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৫ জুন, ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন

রাজধানীর পুরান ঢাকার আগাসাদেক রোড এলাকার একটি বাসায় বিকট বিস্ফোরণের আগুনে স্বামী-স্ত্রী ও দুই সন্তান ২ দগ্ধ হয়েছেন। তারা হলেন- ইসরাফিল (৬২) তার স্ত্রী সালমা বেগম (৫০), ছেলে ইমরান (৩০) ও মেয়ে শাহজাদী (২৪)।

শনিবার (২৫ জুন) ভোর পৌনে ৫টার দিকে আগাসাদেক রোড পাকিস্তান মাঠের পাশে ৫৬ নম্বর বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। তাদের ৪ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

ইসরাফিলের ভাতিজা তারিফ আলম তারেক জানান, চারতলা বাড়িটি ইসরাফিলের নিজের। বাড়ির নিচতলায় থাকেন তারা। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন তখন বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ ও বাসিন্দাদের চিৎকারে আশপাশের লোকজন সবাই ওই বাসা থেকে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যায়।

তিনি জানান, বিস্ফোরণে তাদের ঘরের সবকিছু তছনছ হয়ে গেছে। কী থেকে বিস্ফোরণ তাৎক্ষণিকভাবে দেখার সুযোগ হয়নি তাদের। সবার অবস্থা গুরুতর। ইমরান একটি দোকানে কাজ করেন। আর শাহজাদী শিক্ষার্থী বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক বজলুর রশিদ জানান, ভোর ৪টা ৪০ মিনিটে বিস্ফোরণের খবর পাই। এতে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাড়িটির নিচতলার তিনটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী থেকে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনো জানা সম্ভব হয়নি। কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদীর ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৪ জনকেই ভর্তি রাখা হয়েছে।

এদিকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ