রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেএসএস’র চাদাবাজ অস্ত্রসহ আটক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৯ জুন, ২০১৯, ৫:৪০ অপরাহ্ন

তাজ মাহমুদ, রাঙ্গামাটি।।

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন মহেষপজ্জা এলাকায় আজ বুধবার ১৯ জুন ২০১৯ তারিখ ভোর রাতে একটি অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সেনা রিজিয়নের নেতৃত্বাধীন লংগদু জোনের একটি অভিযান দল।

জেএসএস (মূল) এর নেতৃস্থানীয় কয়েকজন সন্ত্রাসীরা উক্ত এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে মর্মে সংবাদ পায় সেনাবাহিনী।

উক্ত সংবাদের ভিত্তিতে লংগদু সেনা জোনের একটি অভিযান দল দ্রুত ঘটনাস্থলে গমন করতঃ ব্যাপক তল্লাশী কার্যক্রম শুরু করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে উদ্যত হয়। তবে গহীণ অরণ্যের সুযোগে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে কিরণ বিকাশ চাকমা (৫২) পিতাঃ আনন্দ মোহন চাকমা, গ্রামঃ মসকুইজ্জাপাড়া, পোঃ দুরছড়ি, ইউনিয়নঃ সর্বাতলী, উপজেলাঃ বাঘাইছড়ি, জেলাঃ রাঙ্গামাটি কে আটক করা হয়।

পরবর্তীতে তার বাসস্থান হতে একটি দেশী তৈরী বন্দুক, ০৪ টি মোবাইল ও চাঁদা গ্রহণের রশীদ উদ্ধার করা হয়। আটককৃত চাঁদাবাজ কিরণ বিকাশ চাকমা জেএসএস (মূল) দলের একজন সক্রিয় সদস্য এবং ১৮ মার্চ ২০১৯ তারিখের বাঘাইছড়ি হত্যাকন্ডের অন্যতম পরিকল্পনাকারী বলে জানা যায়। সে দীর্ঘদিন ধরে উক্ত এলাকার সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল।
এদিকে চিহ্নিত এই চাঁদাবাজ গ্রেফতারের সংবাদে স্থানীয়দের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায় এবং অবৈধ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারে সেনাবাহিনীর চলমান অভিযান অব্যাহত রাখারও অনুরোধ জানায় তারা।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে এবং এব্যাপারে স্থানীয় জনসাধারণের সহযোগিতাও চায় সেনাবাহিনী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ