ফসলি জমির ক্ষেতের বিরোধ নিয়ে আয়ুব নবী (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৪ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গলাকাটা অবস্থায় ক্ষেতের পার্শ্ববর্তী ড্রেনে তার লাশ পড়ে থাকতে দেখলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।
নিহত আয়ুব নবী চকরিয়ায় উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব ভিলেজারপাড়া ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমের পুত্র।
নিহতের বাড়ি সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে আয়ুব বাড়ির থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে তার সবজি ক্ষেতে সার দিতে যায়।
দুপুরের খাবার খেতে বাড়িতে না ফেরায় তার বাবা শাহ আলম খোঁজ নিতে ক্ষেতে যায়। সেখানে তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে ক্ষেতের পার্শ্ববর্তী একটি ড্রেনে গলাকাটা লাশ লতাপাতা মুড়ানো অবস্থায় দেখতে পায়। লতাপাতা উল্টালে নিজের ছেলের লাশ বলে তিনি শনাক্ত করেন।
সূত্র মতে,একই এলাকার নেজাম উদ্দিনের সাথে আয়ুব আলীর পরিবারের ক্ষেতের চারা উপড়ানো নিয়ে এক সপ্তাহ আগে বাকবিতন্ডা হয়। এর জেরধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, ঘটনাটি জানার পর থানা পুলিশকে খবর দেয়া হয়।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যকান্ডের মোটিভ ও আসামি শনাক্তে তদন্ত করা হচ্ছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
You must be logged in to post a comment.