যশোর প্রতিনিধি ।।
যশোর জেলার সদর উপজেলার নতুন হাট গ্রাম হতে বেসরকারি মোবাইল কোম্পানী বাংলালিংকের রেজিস্ট্রেশন করা ১ হাজার সিম উদ্ধার করা হয়েছে। গত ১রা ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে এই সিম উদ্ধার করে এবং এই কাজে জড়িত থাকায় মনিরুজ্জামান ওরফে পারভেজ ও শাহিন হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করে।
তথ্য প্রযুক্তিতে বর্তমান সরকারের ধারাবাহিক সফলতা ও অপরাধ দমনে এ খাতে নেয়া সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শনের মতো ঘটনা ঘটায় সিম উদ্ধারের ঘটনাটি ইতিমধ্যেই এলাকাজুড়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
পুলিশের হাতে আটককৃত পারভেজ ঝিকরগাছার লক্ষীকান্তপুর গ্রামের বদরুদ্দিন আলীর ছেলে এবং একই উপজেলার কীর্তিপুর গ্রামের ওমর আলীর ছেলে শাহিন।
কোতোয়ালী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, গত ১লা ফেব্রুয়ারী’১৯ দুপুর ১২টায় নতুনহাট হতে বাংলালিংকের ১ হাজার সিমসহ তাদেরকে আটক করা হয়েছে।
এই সিমগুলো সাধারণত ভিওআইপি কাজে ব্যবহার হয়ে থাকে। সিম উদ্ধারের ঘটনায় শহর জুড়ে জনসাধারণের মাঝে নানা সমালোচনা, জল্পনা-কল্পনা চলছে। কেননা মোবাইলে প্রতারক চক্রের পাতা ফাঁদে (কল দিয়ে পুরস্কারের প্রলোভন) পা ফেলে সর্বস্ব খুয়েছে যশোর সদরসহ পার্শ্ববর্তী উপজেলার অনেক ব্যক্তি-পরিবারবর্গ। পুলিশের প্রতি তাদের দাবি, সঠিক তদন্তের মাধ্যমে বিপুল পরিমাণ সিম উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করা।
এ ব্যাপারে যশোর জেলার বাংলালিংকের দায়িত্বরত কর্মকর্তা ইকবলের মুঠোফোনে জানতে চাইলে তিনি অন্যদৃষ্টি প্রতিনিধিকে জানিয়েছেন, ‘আমি বিষয়টি শুনেছি। কিন্তু অফিসিয়ালি এ ব্যাপারে এখনো জানানো হয়নি।’
এতগুলো নিবন্ধিত সিম দুই ব্যক্তির নিকট কিভাবে সম্ভব এমন প্রশ্নে তিনি বলেন, ‘তিনিও হতাশায় আছেন তার বক্তব্য এগুলো ভিওআইপিতেই ব্যবহার হয় এমন কাজে তার কোম্পানীর বদনামসহ বড় লোকসান হবে।’
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.