যশোরের খাজুরায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক হাসপাতালে অভিযান 

বিল্লাল হুসাইন,যশোর।। 
সোমবার, ২৭ জুলাই, ২০২০, ৭:১৬ অপরাহ্ন

যশোর সদর উপজেলার খাজুরায় বেসরকারি ২টি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে, রবিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মীর আবু মাউদ।

অভিযানে খাজুরা বাজারের হাইস্কুল রোডের ফারিহা প্রাইভেট হাসপাতালের কোন বৈধ কাগজপত্র না থাকা, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ডাক্তার ও নার্স না থাকায় প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে সতর্কতা করেন সিভিল সার্জন।

আগামী তিন দিনের মধ্যে যাবতীয় কাগজপত্র অনলাইনে জমা ও হাসপাতাল ব্যবস্থাপনা সঠিক নিয়মে পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন। এদিকে, বাজারের বাসস্টান্ড সংলগ্ন নিউ মাতৃসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে অপারেশন থিয়েটারের বেড অকেজো, এসি ও অক্সিজেন না থাকা এবং ডাক্তার ও নার্স না পাওয়ায় প্রতিষ্ঠানটিতে সীলগালা (তালা) করে দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুটি প্রতিষ্ঠানই দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্য অধিদপ্তরের কোন নিয়ম নীতি না মেনেই হাসপাতালের কার্যক্রম পরিচালনা করে আসছেন। ইতিপূর্বে দুটি হাসপিটালেই রয়েছে রোগীদের বিভিন্ন অভিযোগ। অভিজ্ঞ নার্স ছাড়াই দেওয়া হয় রোগীদের সেবা। নাই কোনো অভিজ্ঞ ডাক্তার। অপারেশন থিয়েটার নষ্ট। মেয়াদোত্তীর্ণ ঔষধ। হাসপাতালের নেই কোনো বৈধ কাগজপত্র।

এ সময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পার্থ প্রতিম লাহিড়ী, বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তারিকুজ্জামান, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ কানুচন্দ্র বিশ্বাস, সহকারী ইনচার্জ আমিরুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে ওই প্রতিষ্ঠানের মালিক ছিলেন না এবং দ্বায়িত্বপ্রাপ্তরা কোন কাগজপত্রই দেখাতে পারেননি। অভিযান শেষে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মীর আবু মাউদ বলেন, যশোরে কোন অনুমোদনবিহীন বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে দেওয়া হবে না।

সকল নিয়ম নীতি মেনেই প্রতিষ্ঠান চালাতে হবে। গত ২১ জুলাই জেলার সবকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিঠি দিয়ে এ বিষয়ে জানানো হয়। এখনো পর্যন্ত যে সব প্রতিষ্ঠান অনুমোদনবিহীন ও অব্যাবস্থাপনায় ক্লিনিক চালাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ