মোবারকগঞ্জ চিনিকলে চলছে দৈন্যদশা, আখচাষীদের বকেয়া ২৫ কোটি টাকা!  

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯, ১:২১ পূর্বাহ্ন

এইচ আর হাসু ।। 

২৫ কোটি টাকা পাবে কৃষকেরা। আখ বিক্রির ঐ টাকা না পেয়ে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সাড়ে ৫ হাজার কৃষক এখন দ্বারে দ্বারে ঘুরছেন।

প্রতিদিনই তারা চিনিকলে গিয়ে কর্মকর্তাদের টেবিলে টেবিলে ধর্ণা দিচ্ছেন। তবুও মিলছে না টাকা। মিলের নিকট আখ বিক্রির পাওনা ২৫ কোটি টাকা পেতে জনপ্রতিনিধি, সিবিএ নেতাদের দ্বারস্থ হচ্ছেন কৃষকরা।

তবে চিনিকল কর্তৃপক্ষ বলছে, ‘কৃষকের নিকট থেকে বাকিতে কেনা আখের উৎপাদিত চিনি বিক্রি না হওয়ায় ঐ টাকা পরিশোধ করতে পারছে না। ফলে সময়মতো টাকা না পেয়ে চিনিকলের আওতাধীন আখচাষীদের দিন কাটছে কষ্টের মধ্যে।’

সর্বশেষ গত সোমবার ঐ টাকা পরিশোধের দাবিতে আখচাষীরা কল্যাণ সমিতি প্রধানমন্ত্রী বরাবরও স্মারকলিপি পেশ করেছেন। কিন্তু তাতেও কোনো ফল আসেনি।

ফলে চলতি রোপণ মৌসুমের রোপণকৃত আখের পরিচর্ষা ও কৃষকের ইরি আবাদের খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে।

আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু অন্যদৃষ্টিকে জানিয়েছেন, ‘মোবারকগঞ্জ চিনিকলের নিকট চলতি ২০১৮-২০১৯ মাড়াই মৌসুমে প্রায় সাড়ে ৫ হাজার আখচাষীর বিক্রয়কৃত আখের মূল্য বাবদ ২৫ কোটি টাকা পাওনা রয়েছে।’

‘গত জানুয়ারী মাস হতেহ কৃষকরা কোনো টাকা পাচ্ছেন না। বর্তমানে টাকা না পেয়ে আখচাষী পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন।’

তারা মিল কর্তৃপক্ষের নিকট দ্রুত এ টাকা পরিশোধের দাবি জানিয়েছেন।

কৃষক নেতারা আরো জানান, ‘এখন ইরি মৌসুম চলছে। সময়মত ঐ টাকা না পেলে ইরি আবাদও ব্যাহত হতে পারে।’

এছাড়াও তারা অভিযোগ করেন, বর্তমান চিনি শিল্পের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অদক্ষতার কারণে মিলটি অর্থ সংকটে পড়ে দৈন্যদশা চলছে। তাই তারা ঐ অদক্ষ চেয়ারম্যানেরও অপসারণের দাবী জানিয়েছেন।

মিলের নিকট কৃষকদের বকেয়া পাওনা টাকার সত্যতা স্বীকার করে মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ আলী শিকদার অন্যদৃষ্টিকে বলেন, ‘মিলটি বর্তমানে অর্থ সংকটে পড়াই আখচাষীদের টাকা পরিশোধ করতে পারছে না। কৃষকের নিকট থেকে কেনা আখের উৎপাদিত চিনি বিক্রি করতে না পারায় এ সংকট চলছে। মিলটি লোনের টাকার জন্য হেড অফিসে যোগাযোগ করেছে।’

 খুব শীঘ্রই কৃষকদের পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি। 

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ