শারমিন সাথী (মোংলা) বাগেরহাট।।
বাগেরহাটের জেলার মোংলায় রাস্তার উপরে রাখা অবৈধ বালুর পাইপের সাথে ধাক্কা লেগে মটর সাইকেল উল্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডে এ দুর্ঘটনায় ঘটে। মোংলা থানার সাব ইন্সপেক্টর সুধাংশ কুমার মল্লিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মলয় মল্লিক বলেন, বালুর পাইপের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। নিহত যুবকের নাম রাজু হাওলাদার (২৪)। সে মোংলা পোর্ট পৌরসভার ২ নং ওয়ার্ডের মিয়াপাড়া এলাকার বাসিন্দা আজিজ হাওলাদারের ছেলে। নিহত রাজু মোংলা বন্দর জেটিতে মার্চেন্টের সর্দার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, রাজু রাত সাড়ে ৯ টার দিকে মোংলা পৌর শহর থেকে মাদ্রাসা রোড হয়ে মিয়াপাড়ার নিজ বাড়ীতে ফিরছিল। পথিমধ্যে পৌরসভার মাদ্রাসা রোডের উপর বসানো অবৈধ বালুর পাইপে ধাক্কা লেগে মটর সাইকেল থেকে ছিটকে অন্তত ২০ গজ দূরে গিয়ে পড়ে সে। আর গাড়ীটি ছিটকে যায় প্রায় ৫০ গজ দূরে। এ সময় আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার মলয় মল্লিক বলেন, নিহত রাজুর মাথায় আঘাতে প্রচন্ড রক্ত ক্ষরণে দুর্ঘনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার বিষয়ে মোংলা পোর্ট পৌরসভার মেয়র মোঃ জুলফিকার আলী বলেন, অপরিকল্পিত ও অবৈধভাবে পৌরসভার প্রায় সব কয়টি সড়কের উপর বালুর পাইপ বসানো হয়েছে। কেউ এগুলো বসানোর ক্ষেত্রে কোন ধরণের অনুমতিও নেয়নি। এই অবৈধ বালুর পাইপ বসানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ও মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নান বলেন, অবৈধভাবে বসানো বালুর পাইপের সাথে ধাক্কা লেগে মটর সাইকেল উল্টে ও ছিটকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর শুনেছি, আমি এখন ছুটিতে রয়েছি, অফিসে ফিরেই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
You must be logged in to post a comment.