বিশেষ প্রতিবেদক।।
বাংলাদেশের রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশের এক নারী এএসআই ও এক রিকশা চালক আহত হয়েছে।
রোববার (২৬ মে) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় এএসআই রাশেদা আক্তার বাবলি (২৮) ও রিকশা চালক লাল মিয়াকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাশেদা জানান, তিনি রাস্তায় ডিউটিরত ছিলেন। এসময় একটি ককটেল তার পাশেই বিস্ফারণ হয়। এতে তার পায়ে আঘাত লাগে এবং পুলিশের গাড়ির পিছনে কিছুটা আগুন ধরে যায়।
আহত লাল মিয়া জানান, তার বাসা তেজকুনি পাড়া। রিকশা নিয়ে মালিবাগ মোড়ে বসে ছিলেন। এমন সময়ে বিস্ফোরণ হয়। এতে তার মাথায় আঘাত লাগে। তবে কাউকে দেখেননি তিনি।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের পূর্ব বিভাগের (সবুজবাগ) সার্জেন্ট এনামুল হক জানান, মালিবাগ মোড়ে দায়িত্বরত অবস্থায় পুলিশের গাড়ির পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা এএসআই রাশেদা ও রিকশাচালক আহত হন। রাশেদার বাঁ পায়ে ও রিকশাচালকের মাথায় আঘাত লেগেছে।
এটা নাশকতার ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিবলি নোমান বলেন, বিষয়টি এখনো পরিষ্কার নয়। এটা বোমা নাকি ককটেল সেটাও জানা যায়নি।
অপরদিকে এটা ছুড়ে মারা হয়েছে কি না বা আগে থেকে পাতা ছিল, সেটাও এই মুহূর্তে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তবে তদন্তের পরে এটা নিশ্চিত হওয়া যাবে।
You must be logged in to post a comment.