অন্যদৃষ্টি অনলাইন।।
রাজধানী ঢাকার মত আজ বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম ও রাজশাহীও।
চট্টগ্রামের ওয়াসা মোড়, ষোলশহর এলাকায় নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছে। এর আগে চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ওয়াসা মোড়ে আসে। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে। শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে নগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নিরাপদ সড়কের দাবির পাশাপাশি নিরাপদ যানবাহন, ক্ষতিগ্রস্ত দুই ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কর্মসূচি থেকে।
এদিকে রাজশাহীতে সকাল ১০টার পর রাজপথে নেমে আসে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা নিরাপদ সড়কের দাবিতে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অবস্থান নেয়। তারা মানববন্ধনে অংশ নেয়। মাননীয় প্রধানমন্ত্রী, ছাত্রদের আপাতত রাস্তা সামলাতে দিন, মন্ত্রী-পুলিশকে স্কুলে পাঠান শিক্ষিত করতে’ ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়িয়ে তারা শিক্ষার্থী হত্যার বিচার এবং সড়কে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে শ্লোগান দিতে থাকে।
আন্দোলনরত শিক্ষার্থীসহ সার্বিক নিরাপত্তার স্বার্থে নগরীতে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত পুলিশ তাদের নিরাপত্তা দেবে।
You must be logged in to post a comment.