মাগুরা-১ আসন : স্বতন্ত্র প্রার্থীই পাল্টে দিতে পারেন সংসদ নির্বাচনের ফলাফলে

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ১২:৩০ পূর্বাহ্ন
আমি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার সন্তান। আওয়ামীলীগ পরিবারের সন্তান। আমার বাবা ছিলেন আপোষহীন মানুষ..আমিও তাই...।

স্টাফ রিপোর্টার।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের ৭৯ জন বিভিন্ন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এরই মধ্যে আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা সকল স্বতন্ত্র প্রার্থীদের সাথে আলোচনার মাধ্যমে আওয়ামীলীগ প্রার্থী এবং আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সকল দ্বন্দ্ব অবসানের আশ্বাস দিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার সুযোগ্য সন্তান শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি এবং এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তিনিই এবার পাল্টে দিতে পারেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল।

গত ১৯৯১ সালে সর্বশেষ বিএনপির তিন দপ্তরের মন্ত্রী প্রয়াত মজিদ-উল-হকের পর মাগুরা-১ আসন বিএনপির হাত ছাড়া হওয়ার পর থেকে এই আসনটি আওয়ামীলীগের দখলে রয়েছে। ডাঃ প্রফেসর সিরাজুল আকবর টানা ৪ বার এই আসন থেকে আওয়ামীলীগের সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনে তাঁর সাথে তুমুল ভোটের লড়াই জমে ওঠে কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির।

সেই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিরাজুল আকবর ৫৬,৪১০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি ৪৭,৮০০ ভোট পান।

সর্বশেষ ডাঃ প্রফেসর সিরাজুল আকবর সাহেবের মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামীলীগের এটিএম আবদুল ওয়াহহাব এই আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

মাগুরা সদর উপজেলার শুত্রুজিৎপুর,গোপালগ্রাম, কুচিয়ামোড়া, বেরইল পলিতা ব্যতীত মাগুরা পৌরসভাসহ মাগুরা সদর উপজেলার ৯ টি ইউনিয়ন এবং শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে মাগুরা-১ আসন গঠিত।

মোট ভোটার সংখ্যা ৩,৫০,০৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,৭৪,২৬০ জন এবং নারী ভোটার সংখ্যা ১,৭৫,৭৮৮ জন। এই আসনে এবার নতুন ভোটারের সংখ্যা অনেক বেশি।

আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, বিএনপি থেকে মাগুরা জেলা বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন খান এবং বিভিন্ন রাজনৈতিক দলের ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। এই আসন থেকে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি।

এই বিষয়ে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি বলেন, মাগুরা-শ্রীপুরের জনগণ বারবারই  তাদের চাওয়া-পাওয়া এবং অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ত্যাগী আওয়ামীলীগ নেতাকর্মীরা আজ অবহেলিত, নির্যাতিত, বিভিন্ন হামলা-মামলার শিকার। আমি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার সন্তান। আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। আমার বাবা যেমন অন্যায়ের কাছে মাথা নত করেনি আমিও করতে রাজি নই। আমি মাগুরা-শ্রীপুরের নির্যাতিত আওয়ামীলীগের পাশে থাকার জন্য, তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আবারো নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।

অন্যদৃষ্টি/এলিস হক

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ