আশিষ সাহা জনি, মহম্মদপুর, মাগুরা।।
মাগুরার মহম্মদপুর উপজেলার নাওপাড়া ঘাট এলাকা থেকে দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. আসাদুজ্জামান শেখ (৪৮) কে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ।
রবিবার সকালে মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকারের নেতৃত্বে এএস আই উকিলসহ সঙ্গিয় ফোর্স নিয়ে আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান শেখ বিনোদপুর ইউনিয়নের নারানপুর এলাকার মৃত শামছুল শেখের ছেলে।
পুলিশ জানায়, যৌতুক নিরোধ আইন ও দেনমোহর সংক্রান্ত আইনের দুইটি মামলায় একটিতে দুই বছরের সশ্রম কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড এবং আরেকটিতে তিন মাসের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী আসাদুজ্জামানকে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।