আশিষ সাহা জনি মহম্মদপুর মাগুরা প্রতিনিধি ।।
মহম্মদপুরের রাজাপুর রাজপাট আর এম এ দাখিল মাদ্রাসার চার ছাত্রীকে ইভটিজিং করার দায়ে জনি শেখ (২২), রহিম মিয়া (২৩) ও স্বাধীন মোল্যা (২২) নামে তিন যুবককে ১বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত কাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত তিন বখাটে হলো নড়াইল কালিগঞ্জের আনিস শেখের পুত্র জনি শেখ, মহম্মদপুর পানিঘাটা মধ্যপাড়ার রহমান মিয়ার পুত্র রহিম মিয়া ও একই এলাকার নিটুল মোল্যার ছেলে স্বাধীন মোল্লা।
মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন জানান, মঙ্গলবার মাদ্রাসার ছুটির পর চার ছাত্রী বাড়ি যাওয়ার পথে রাজপাট মধ্যপাড়া ঈদগাহ এলাকায় পৌছালে ওই তিন যুবক মোটসাইকেল থেকে ছাত্রীদের ওড়না টেনে ধরে, এতে দুই ছাত্রী রাস্তায় পড়ে আহত হয় সাথে তিন যুবকও চলমান মোটর সাইকেল থেকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধম্যে বখাটে তিন যুবক কে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।