মহসিন মোল্যা,মাগুরা প্রতিনিধি।।
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে হামলায় আব্দুর রহিম শেখ (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ (৮ মে) শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে ইয়ামিন শেখ আহত হয় বলে জানা যায়। নিহত রহিম শেখ ফুলবাড়ি গ্রামের মৃত দবির শেখের ছেলে।
নিহতের ছেলে ইয়ামিন শেখ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকালে ফুলবাড়ি গ্রামের কাশেম শেখের ছেলে ইসমাঈল শেখ ও নয়ন শেখ নামে দুই সহোদর আব্দুর রহিম শেখের বাড়ির গাছের আম পাড়ে। এতে বাড়ির দুইজন নারী নিষেধ করলে ঐ দুই জন উত্তেজিত হয়ে গালিগালাজ করে এবং মারপিট করতে আসে। পরে ওই দুই নারী পালিয়ে অন্য বাড়িতে আশ্রয় নেয়।
এরপর বাড়িতে পুরুষ লোক আসলে বিষয়টি তাদের জানানো হয়। পরে রহিম ও তার ছেলে ইয়ামিন এ বিষয় নিয়ে ইসমাঈল শেখ ও নয়ন শেখের কাছে শুনতে গেলে তারা হামলা করে। এতে আব্দুর রহিম গুরুতর আহত হলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস বলেন, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
You must be logged in to post a comment.