ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রোকসানা বেগম (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের নাসির হোসেনের (৪৮) স্ত্রী। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী নাসির হোসেন ও স্বামীর দ্বিতীয় স্ত্রী চম্পা খাতুনকে (৩০) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সূত্র হতে জানা যায়, বৃহস্পতিবার (৬ মে) ভোরে নিহতের স্বামী নাসির হোসেন ও সতিন চম্পা খাতুনের ডাকাডাকিতে প্রতিবেশীরা ছুটে আসে। তারা ঘরের ভিতরে রোকসানা বেগমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে। নিহতের শরীরে অস্বাভাবিক ক্ষত ও আঘাতের চিহ্ন দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এসময় তারা নাসির হোসেন ও চম্পা খাতুনকে জেরা করে, একপর্যায়ে ঘটনা ও কথার মধ্যে অসামঞ্জস্য পেলে স্থানীয়রা তাদের দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে সন্দেহভাজন স্বামী ও সতিনকে জিজ্ঞসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
এব্যাপারে মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।’
You must be logged in to post a comment.