কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের মহেশখালীতে মো. ইমরান (১০) নামের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বেলা ৪ টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের “ইউনুছিয়া ফয়জুল উলুম মাদ্রাসার” একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। শিক্ষকের মারধরে ইমরানের মৃত্যু হয়েছে দাবি করে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মাদ্রসায় হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।উক্ত ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ মাদ্রাসার দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নিহত শিশু পূর্ব মগডেইল এলাকার মো: আলমের পুত্র।সে মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে পড়ত।
সূত্রে জানা গেছে, নিহত ইমরানের মৃত্যু নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যায় ।কেউ বলছে সকালে নিহত শিশুর মা’ শিশুটিকে মাদ্রাসায় রেখে যায়। মা চলে যাওয়ার পর মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ এনে শিশুটিকে মারধর করে ওই মাদ্রাসার শিক্ষক। মারধরে ছাত্রের মৃত্যু হলে ছেলেটিকে কাপড় প্যাচিয়ে জানলার সাথে ঝুলিয়ে রাখে।
আবার অনেকে বলছে, সকাল সাড়ে সাতটার দিকে ছেলেটিকে মাদ্রাসায় দিয়ে চলে যায় মা। সাড়ে ৯টার দিকে মাদ্রাসার কয়েকজন হুজুর কিছু ছাত্রদের নিয়ে একটি দাওয়াতে যাওয়ার আগে নিহত শিশুকে একটি রুমে আটকিয়ে রেখে বাহির থেকে তালা দেয়। দাওয়াত থেকে এসে দেখে শিশুটি আত্মহত্যা করেছে। তাই শিশুটির মৃত্যু নিয়ে কোন মন্তব্য করা যাচ্ছে না।
তিনি আরো বলেন, খবর ছড়িয়ে পড়েল স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মাদ্রাসা ভাংচুর করতে এগিয়ে আসে। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায় এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, মাদ্রাসার শিক্ষকের মারধরের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। কিন্তু শিক্ষকরা মৃত্যুকে আত্মহত্যা করেছে বলে নাটক করার অপচেষ্টা চালাচ্ছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ঘটনার কারন জানতে ওই মাদ্রাসার ফয়সাল ও হামিদ উল্লাহ নামের দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
You must be logged in to post a comment.