মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন: আ’লীগের চেয়ারম্যান পদে জাকির, ভাইস চেয়ারম্যান আমিরুল ও আফরোজা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯, ৪:৪২ অপরাহ্ন

মোঃ নুরুন্নবী সেলিম, মনোহরগঞ্জ (কুমিল্লা)।।

জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই শুরু হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। নির্বাচন কমিশনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে ৫ দফা নির্বাচনের প্রথম দফা। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় ক্ষমতাসীন আওয়ামীলীগ তাদের একক প্রার্থী ঘোষনা করেছে।

দ্বিতীয় দফায় আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনের জন্য দলীয় প্রতীকের একক প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আফরোজা কুসুমকে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। গতকাল মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে দলের প্রার্থীদের নাম ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী।

এদিকে দলের একক প্রার্থী হিসেবে নাম ঘোষনার পর নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম ও আফরোজা কুসুম। তাছাড়া শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জাকির হোসেনকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল আজিজ। পছন্দের ব্যক্তিদেরকে দলীয় প্রতীকের প্রার্থী ঘোষনায় খুশির আমেজ দেখা গেছে তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে।

আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বলেন, ‘দলের জন্য আমার অতীতের ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করে মাননীয় এলজিআরডি মন্ত্রী প্রিয়নেতা মোঃ তাজুল ইসলাম এমপি আমাকে আওয়ামীলীগের একক প্রার্থী মনোনীত করেছেন। আমি বিগত নির্বাচনে কয়েক ভোটের ব্যবধানে হেরেও দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে একইভাবে সম্পৃক্ত ছিলাম। আমি আশাবাদী, মনোহরগঞ্জের ভোটাররা সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মত আসন্ন উপজেলা নির্বাচনেও উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করবেন।

উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাকির হোসেন। ওই নির্বাচনে মাত্র ৩৮ ভোটে পরাজিত হন তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ