পাবনা প্রতিনিধি।।
পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেনের নির্দেশে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সাইদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভাঙ্গুড়া পৌর শহরের বিভিন্ন এলাকায় তিনি নৌকার প্রার্থী বাকি বিল্লাহর পক্ষে গণসংযোগ করেন। সাইদুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
এর আগে বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পাবনার সিনিয়র জেলা নির্বাচন অফিসার শেখ আব্দুল লতিফের হাতে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি পৌঁছে দেন সাইদুল ইসলামের ব্যক্তিগত সহকারি শহিদুল ইসলাম। মনোনয়ন প্রত্যাহারের পর তিনি আওয়ামী লীগের প্রার্থী মো. বাকি বিল্লাহকে সমর্থন দিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন।
ওইদিন মনোনয়ন প্রত্যাহারের খবর পেয়ে নৌকার প্রার্থী বাকি বিল্লাহ সাইদুল ইসলামের পৌর শহরের শরৎনগর মহল্লার বাসায় গিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তারা একসাথে সেখানে মধ্যাহ্ন ভোজ করেন। এসময় উভয় নেতার সমর্থকরা তাদের সঙ্গে ছিলেন।
অধ্যক্ষ সাইদুল ইসলাম বলেন, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীর দাবিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু এমপি মকবুল হোসেনের নির্দেশে ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। এখন নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছি।
প্রসঙ্গত, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে সাইদুল ইসলামকে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী একটি অংশ সমর্থন দেন।
You must be logged in to post a comment.